খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রায় ৩০০ কর্মকর্তার লকার পরিদর্শন ও খুলতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় গেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।
বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তল্লাশি চালানোর জন্য দুদকের পরিচালক সায়েমুজ্জামানের নেতৃত্বে আট সদস্যের দলটি কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছায় ।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, ‘দুদকের দল এখনও বাংলাদেশ ব্যাংকে অভিযান পরিচালনা করছে। আমাদের টিম মনে করছে, লকারে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, বিদেশি অর্থ, স্বর্ণালংকার থাকতে পারে। প্রায় ৩০০ লকার রয়েছে সেখানে। আজকে যতটুকু পারেন করবেন৷ প্রয়োজনে আরও ২-১ দিন সেখানে অভিযান চলতে পারে।’
সূত্র বলছে, কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৩০০ প্রাক্তন ও বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তা এই লকারগুলোতে সম্পদ ও মূল্যবান নথিপত্র জমা রেখেছেন। তাদের মধ্যে কয়েকজন অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন বলে সন্দেহ করা হচ্ছে।ঢাকা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকারগুলো খোলা হবে এবং বিস্তারিত তালিকা করা হবে।
সূত্র জানায়, কর্মকর্তাদের জ্ঞাত আয়ের উৎসের বাইরে কোনো সম্পদ পাওয়া গেলে আরও তদন্ত করা হবে।
আদালতের কাছে দুদকের আবেদনে বলা হয়, উচ্চপদস্থ কর্মকর্তার অর্থসম্পদ ও অন্য মূল্যবান নথিপত্র সেফ ডিপোজিট আকারে রেখেছেন বলে তাদের ধারণা হচ্ছে। এর মধ্যে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নামেও লকার রয়েছে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আর্থিক অনিয়ম ও দুর্নীতি রোধে দুদক এই উদ্যোগ নিয়েছে।
খবরওয়ালা/ এমবি