খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনাসহ তিন দফা দাবি নিয়ে সড়কে অবস্থান করছেন আরব আমিরাত ও অন্যান্য দেশ থেকে ফেরত প্রবাসীরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সড়কে অবস্থান নেন তারা। এসময় প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেন।
পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের যাত্রা রোধ করায় আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে টানাপোড়নের কারণে শাহবাগ-বাংলামোটর রোডে যানজটের সৃষ্টি হয়।
দাবির বিষয়ে আন্দোলনকারীরা জানান, আমাদের তিনটি দাবি রয়েছে। আমাদের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনুস স্যারের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিতে হবে। সেইসাথে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা ও পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করার পাশাপাশি প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমাদের এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।
আন্দোলনের নেতৃত্বদানকারী আরব আমিরাত ফেরত প্রবাসী খালিদ সাইফুল্লাহ বলেন,‘দীর্ঘদিন ধরে আমরা আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছি। গত ৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম, যাতে আমাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
তিনি আরও বলেন, ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং উপদেষ্টা আসিফ নজরুল স্যার বারবার আশ্বাস দিলেও কোনো কার্যকর উদ্যোগ নেননি। প্রবাসী শ্রমিকদের দুর্দশা চরমে পৌঁছেছে, অথচ সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি।’
খবরওয়ালা/টিএ