খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা মফস্বল ডেস্ক:
বিএনপির উদারতার সুযোগ নিয়ে জামায়াতে ইসলামী রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়াও জামায়াতে ইসলামীর প্রতি উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে পেয়েছে ‘মুনাফেকি’ বলে জানা তিনি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে রাজশাহী বাগমারা উপজেলার তাহেরপুরে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।
এসময় রিজভী বলেন, ‘বিএনপি সব সময় জামায়াতের প্রতি উদারতা দেখিয়েছে। এই উদারতার সুযোগ নিয়ে জামায়াত রাজনীতি করছে। আওয়ামী লীগ স্বাধীনতা-পরবর্তী সময়ে তাদের নিষিদ্ধের ঘোষণা করলেও বিএনপি সমর্থন করেছে। এই উদারতা দেখানোর পর বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি।’
বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে একসঙ্গে আন্দোলন করেছিল সব দল। তখন খালেদা জিয়ার কথা ছিল, তাঁর (এরশাদ) অধীনে কোনো নির্বাচনে যাবে না। তবে মুনাফেক জামায়াত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচনে যায়।’
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের সময় মতপ্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। মতের বাইর গেলে গুম, খুন করা হয়েছে। আয়নাঘর তৈরি করে নেতা-কর্মীদের বছরের পর বছর আটকে রাখা হয়েছে। মামলা দিয়েও হয়রানি করা হয়েছে। তার বিরুদ্ধে তিন শতাধিক মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব মামুন অর রশিদ তার বক্তব্যে জামায়াত-শিবিরের সমালোচনা করে ‘বেঈমান’ বলে উল্লেখ করেন।
আবার বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামায়াতের নাম উল্লেখ না করে বলেন, ‘তাদের একটি ছাত্রসংগঠন আছে, যার আত্মপ্রকাশ হয়েছে রগ কাটার মাধ্যমে। এরা এখন ষড়যন্ত্রের বীজ বপন করছে।’ জামায়াত-শিবিরের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
খবরওয়ালা/এএইচপি