ভ্যালেন্টাইনস ডে দেশের মাটি ও মানুষের সংস্কৃতি নয়: আহমাদুল্লাহ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ‘ভ্যালেন্টাইনস ডে এ দেশের মাটি ও মানুষের সংস্কৃতি নয়’- বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও আলোচক শায়খ আহমাদুল্লাহ। একইসঙ্গে পবিত্র জীবনযাপনের আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি লেখেন, ‘ভ্যালেন্টাইনস ডে এ দেশের মাটি ও মানুষের সংস্কৃতি নয়। এই অপসংস্কৃতি বর্জন করুন। পবিত্র জীবনযাপন করুন।’

এদিকে গত বৃহস্পতিবার আরেক পোস্টে তিনি বলেন, ফেব্রুয়ারি মাস অন্যায়ের বিরুদ্ধে উজ্জীবিত হওয়ার মাস। শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মাস। এ মাসে আত্মত্যাগকারী আবদুস সালাম, আবদুল জব্বার, শফিউর রহমানরা আমাদেরকে সেই শিক্ষাই দেয়। অথচ খুব ধীরে ধীরে, সুকৌশলে, এক শ্রেণির মিডিয়া ও মুনাফালোভীরা নিজেদের স্বার্থে আমাদের প্রেরণার মাসটাকে নোংরামির মাসে পরিণত করেছে।

তিনি বলেন, আমাদের শৈশব-কৈশোরের ফেব্রুয়ারি ছিল সাহস ও ঘুরে দাঁড়াবার শক্তিতে প্রত্যুজ্জ্বল। বর্তমান প্রজন্মের কাছে ফেব্রুয়ারি মানেই অবৈধ সম্পর্কের ছড়াছড়ি। যে-সব তরুণ-তরুণী এই নষ্ট স্রোতে গা ভাসাচ্ছে, তারা বুঝতেও পারছে না তারা এক নাচের পুতুল। তাদেরকে ব্যবহার করা হচ্ছে সুগভীর এক বাণিজ্যিক প্রকল্প ও শালীনতা ধ্বংসের ষড়যন্ত্রে।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রকৃত চেতনা ফিরিয়ে আনার এবং তারুণ্য-বিধ্বংসী সকল নোংরা আয়োজনের বিরুদ্ধে এখনই যদি আমরা সজাগ না হই, তবে পশ্চিমাদের মতো আমাদের পরিবার-ব্যবস্থাও ভেঙে খানখান হয়ে যাবে। তখন শত আফসোস করেও কোনো লাভ হবে না।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।