খবরওয়ালা অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ব্রিটেন বাক-স্বাধীনতায় (ফ্রিডম অব স্পিচ) পিছিয়ে যাচ্ছে। ইউরোপের জন্য মত প্রকাশের স্বাধীনতার অভাব রাশিয়ার চেয়েও বড় হুমকি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। খবর দ্য টেলিগ্রাফ।
ইউরোপের নিরাপত্তা ও ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় তিনি বলেন, সবচেয়ে বড় হুমকিগুলো বাইরের দেশ রাশিয়া ও চীন থেকে আসছে না। বরং এটি ইউরোপের ভেতর থেকেই সৃষ্টি হচ্ছে।
তিনি ইউরোপের ব্যাপক অভিবাসন ও প্রতিরক্ষা ব্যয়ের ঘাটতি নিয়ে সমালোচনা করেন এবং যুক্তরাজ্যের বিরুদ্ধে ব্রেক্সিট ভোটারদের সাথে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘ব্রিটেন লাখ লাখ অনিয়ন্ত্রিত অভিবাসীর জন্য দরজা খুলে দিয়েছে’।
ভ্যান্স বলেন, ‘আমি ইউরোপের জন্য সবচেয়ে বেশি যে হুমকির বিষয়ে চিন্তিত, তা রাশিয়া বা চীন নয়। বরং আমি চিন্তিত ইউরোপের ভেতর থেকে আসা হুমকি নিয়ে। ইউরোপ তার সবচেয়ে মৌলিক মূল্যবোধ থেকে সরে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্কিত।’
তিনি মিউনিখে গতকালের সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমরা এই শহরেই গতকাল সেই সিদ্ধান্তগুলোর ভয়াবহ ফলাফল দেখেছি। আর কতবার আমাদের এ ধরনের ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে?’
খবরওয়ালা/জেআর



