হ’ত্যা মামলায় মালয়েশিয়ায় ৫ বাংলাদেশি গ্রেপ্তার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় এক বাংলাদেশি প্রবাসীকে হত্যা মামলায় পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নারীও রয়েছেন বলে মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামার প্রতিবেদনে জানা যায়।

দেশটির শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল ইব্রাহিম বার্তা সংস্থা বারনামাকে জানান, প্রধান সন্দেহভাজনসহ ৩৩ থেকে ৫৩ বছর বয়সী পাঁচ ব্যক্তিকে গতকাল শনিবার দুপুর ১টা ৪৯ মিনিটে একটি মুদি দোকানের সামনে থেকে আটক করা হয়। একই দিন সকাল ৮টা ২৬ মিনিটে পুলিশের কাছে আসা একটি কলের মাধ্যমে সংবাদ পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এদিকে ওই ফোন কলেই মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের খবর জানানো হয়েছিল।

পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর পুলিশ এবং শাহ আলম হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। দোকানের সামনে পড়ে থাকা ওই ব্যক্তির মরদেহ পরীক্ষা করে মেডিকেল অফিসার নিশ্চিত করেছেন, ধারালো অস্ত্র দিয়ে মাথা, শরীর এবং হাতে একাধিক আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক। তিনি মুদি দোকানে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।’

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইকবাল আরও বলেন, ‘ওই সুপারভাইজার এবং তার এক কর্মচারীর মধ্যে বেতন দিতে দেরি হওয়া নিয়ে মুদি দোকানের ভেতরেই বাগ্‌বিতণ্ডা হচ্ছিল। একটা সময় তা হাতাহাতির পর্যায় গেলে সুপারভাইজারকে মাংস কাটার ছুরি দিয়ে আক্রমণ করা হয়। ওই কর্মচারী সুপারভাইজারকে বারবার ছুরি দিয়ে আঘাত করতে থাকেন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন।’

এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের পূর্বে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড নেই। মাদক পরীক্ষাতেও তদের ফলাফল নেগেটিভ এসেছে।

সন্দেহভাজনদের আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে। মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ধারা ৩০২ (হত্যা) অনুযায়ী তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।