খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 4শে ফাল্গুন ১৪৩১ | ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
খবরওয়ালা অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় বেতন না দেওয়ায় স্বদেশী কর্মচারীর হাতে খুন হন মো. রবিউল শেখ নামের এক বাংলাদেশি দোকান মালিক। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৭ এর জালান ক্রিস্টাল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলা পুলিশপ্রধান এসিপি মোহাম্মদ ইকবাল।
নিহত রবিউল শেখ মাদারীপুর সদর উপজেলার ঘটকচর গ্রামের বাসিন্দা। তবে এ ঘটনায় গ্রেফতার বাংলাদেশিদের নাম ও বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় দুই নারীসহ পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করে এক সপ্তাহের রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের সবার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে তদন্ত করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারা মুদি দোকানে রবিউল শেখ এবং তার এক কর্মচারীর মধ্যে বেতনসহ বিভিন্ন লেনদেনের বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি হতে দেখেন। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ওই কর্মচারী মাংস কাটার ছুরি দিয়ে রবিউল শেখকে উপর্যুপরি আঘাত করেন। এতে রবিউল শেখ মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পুলিশ শাহ আলম হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স ও চিকিৎসককে তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠায়। সেখানেই চিকিৎসক রবিউল শেখকে মৃত ঘোষণা করেন।
এসিপি মোহাম্মদ ইকবাল জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার সেকশন ৭ এর জালান ক্রিস্টাল এলাকার এক মুদি দোকানের সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তার স্বদেশি কর্মচারী।
খবরওয়ালা/টিএ