শুক্রবার থেকে মেট্রোরেল বন্ধের হুমকি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে আগামী শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৩ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নে জোরালো দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পর্যন্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার ওপর বিশদ আলোচনা করে ও খসড়া চাকরি বিধিমালা সংশোধন সাপেক্ষে দ্রুত বোর্ড মিটিং আয়োজনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করবে বলে আশ্বাস দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনা মোতাবেক (স্মারক নং-২৮.০০.০০০০.০০০,৬০,০০১.২৪.১২২, তারিখ-১২ সেপ্টেম্বর ২০২৪ এর (খ) অনুসারে) স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করার নির্দেশনা দেওয়া হয়। এতে ডিএমটিসিএল ৬০তম বোর্ড সভার সিদ্ধান্ত (৭.৬, ৮.৩৫৯.৩) অনুযায়ী ৬০ (ষাট) কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানোর নির্দেশনা ছিল। তবে প্রায় পাঁচ মাস পার হলেও আজ অবধি তা প্রণয়ন করা হয়নি। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমটিসিএলের ২০০ জনের বেশি দেশি ও বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। এতে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অবস্থায় ২০ ফেব্রুয়ারির মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে এবং ঢাকাবাসী মেট্রোরেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল–সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্তভাবে দায়ী থাকবে।

খবরওয়ালা/এমএজেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।