আমের মৌসুমে ব্যবসায়িক লেনদেন নির্বিঘ্ন রাখতে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের চার জেলায় সাপ্তাহিক ছুটির দিন শনিবারও সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার আম বাজারসংলগ্ন শাখা ও উপশাখাগুলো এ সুবিধার আওতায় থাকবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, চলমান আম মৌসুমে এসব এলাকায় স্থায়ী ও অস্থায়ী বাজারে বিপুল পরিমাণ নগদ লেনদেন হচ্ছে। কৃষক, ব্যবসায়ী ও আড়তদারদের মধ্যে দৈনিক বড় অঙ্কের টাকা আদান–প্রদান হওয়ায় ব্যাংকিং সেবা সহজলভ্য রাখা জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে নগদ অর্থ জমা, উত্তোলন এবং সংরক্ষণের সুবিধা নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট; নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখা আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি শনিবার সীমিত পরিসরে খোলা রাখা যাবে।
সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিজ নিজ ব্যবস্থাপনায় শাখাগুলো পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা জোরদার করা, পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করা এবং গ্রাহকসেবায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, আম বাণিজ্য এই অঞ্চলের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মৌসুমে প্রতিদিন হাজার কোটি টাকার মতো লেনদেন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। ফলে ব্যাংকিং সেবা বন্ধ থাকলে ব্যবসায়ীরা নগদ অর্থ সংরক্ষণে ঝুঁকিতে পড়েন, যা চুরি বা ক্ষতির সম্ভাবনাও বাড়ায়।
বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, মৌসুমি বাণিজ্যকে কেন্দ্র করে এ ধরনের সিদ্ধান্ত কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং কৃষক ও ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তা বাড়াবে।