খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৮ই জুলাই ২০২৬, ৪:১৭ পিএম
বিশ্ব নারী ফুটবলের ইতিহাসে অন্যতম বড় এবং চমকপ্রদ দলবদলের ঘটনাটি ঘটল। স্পেনের বিশ্বকাপজয়ী দলের কান্ডারি এবং দুইবারের ব্যালন ডি’অর জয়ী তারকা মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুটেলাস ইংল্যান্ডের ক্লাব লন্ডন সিটি লায়নেসে যোগ দিয়েছেন। ক্লাবটির সঙ্গে তিন বছরের একটি চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছেন এই স্প্যানিশ তারকা। বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি ফ্রি এজেন্ট বা মুক্ত খেলোয়াড় হিসেবে ইংলিশ ক্লাবটিতে পাড়ি জমালেন। এর মধ্য দিয়ে বার্সেলোনার হয়ে তাঁর দীর্ঘ ১৪ বছরের এক বর্ণাঢ্য ও সোনালী অধ্যায়ের ইতি ঘটল।
গত মে মাসে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই বিশ্ব ফুটবলের প্রায় সব শীর্ষ সারির ক্লাব পুটেলাসকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছিল। তবে সবাইকে তাক লাগিয়ে দিয়ে ৩২ বছর বয়সী এই ফুটবলার বেছে নিয়েছেন লন্ডন সিটিকে। বার্সেলোনার জার্সিতে পুটেলাসের ক্যারিয়ার ছিল সাফল্যে মোড়ানো। স্প্যানিশ এই ক্লাবটির হয়ে তিনি ১০টি লিগ শিরোপাসহ রেকর্ড ৩৮টি ট্রফি জিতেছেন। সর্বশেষ মৌসুমেও অধিনায়ক হিসেবে বার্সেলোনাকে চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন তিনি। এমন একজন বিশ্বসেরা তারকার উইমেনস সুপার লিগে (ডব্লিউএসএল) যোগ দেওয়াকে ফুটবল বোদ্ধারা বড় একটি মাইলফলক হিসেবে দেখছেন।
নিউ ইয়র্ক সিটিতে লন্ডন সিটির মার্কিন ধনকুবের মালিক মিশেল ক্যাংয়ের উপস্থিতিতে পুটেলাসকে আনুষ্ঠানিকভাবে ক্লাবের নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন এই ক্লাবে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন পুটেলাস। তিনি বলেন, “লন্ডন সিটি লায়নেসের সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি রোমাঞ্চিত।”
দলবদলের বাজারে চেলসি, রিয়াল মাদ্রিদ বা আর্সেনালের মতো বড় বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়ে কেন তিনি তুলনামূলক নতুন এই ক্লাবটিকে বেছে নিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন পুটেলাস। তিনি জানান, চেলসি বা আর্সেনালের মতো ক্লাবগুলো মূলত বড় কোনো পুরুষ ক্লাবের ছায়ায় পরিচালিত হয়। কিন্তু লন্ডন সিটি সম্পূর্ণ স্বাধীন এবং শুধু নারীদের ফুটবলের জন্যই নিবেদিত একটি ক্লাব। এই ক্লাবের হয়ে নতুন ইতিহাস গড়ার চ্যালেঞ্জটিই তাঁকে সবচেয়ে বেশি টেনেছে। বিশেষ করে ক্লাবটির মালিক মিশেল ক্যাং-এর নারী ফুটবলকে বিশ্বমঞ্চে এগিয়ে নেওয়ার অনন্য ও দূরদর্শী পরিকল্পনা পুটেলাসকে দারুণভাবে আকৃষ্ট করেছে।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ফুটবলের তৃণমূল উন্নয়নে কাজ করার ইচ্ছার কথাও জানান এই স্প্যানিশ মিডফিল্ডার। পুটেলাস বলেন, “মাঠের বাইরে যুব ফুটবল উন্নয়নের প্রতি আমার যে ভালোবাসা রয়েছে, তা বজায় রেখে ইংল্যান্ডে এবং বিশ্বমঞ্চে নারী ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য মিশেলের সাথে কাজ করতে আমি সমানভাবে উচ্ছ্বসিত।”
ইংল্যান্ডের উইমেনস সুপার লিগে লন্ডন সিটি লায়নেস নিজেদের প্রথম মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করেছিল। এবার পুটেলাসের মতো একজন অভিজ্ঞ ও বিশ্বজয়ী তারকাকে দলে পাওয়ায় আগামী মৌসুমে ক্লাবটি শিরোপার দৌড়ে বড়সড় ঝাঁকুনি দেবে, এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।
মন্তব্য