খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৩ই জুলাই ২০২৬, ৪:৩৮ পিএম
সড়কপথে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা একটি গাড়ি লক্ষ্য করে ইটের টুকরা পড়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাটি আসলে কোনো দুষ্কৃতকারীর কাজ, নাকি স্রেফ একটি দুর্ঘটনা—তা নিশ্চিত হতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তাবেষ্টিত গাড়িবহর মহাসড়ক ধরে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বাসে চড়ে যাচ্ছিলেন এবং বাসের ভেতর দাঁড়িয়ে হাত নেড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। তাঁকে বহনকারী মূল বাসটির সামনে ও পেছনে ছিল কড়া নিরাপত্তাবলয়সহ একাধিক গাড়ির সারি। ঠিক সেই মুহূর্তে বহরের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনের অংশে একটি ইটের টুকরা এসে পড়তে দেখা যায়।
ঘটনার আকস্মিকতায় সেখানে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে কিছুটা তৎপরতা তৈরি হলেও প্রধানমন্ত্রীর বহর নির্ধারিত গতিতেই বরিশালের দিকে এগিয়ে যায়। তবে নিরাপত্তার এমন কঠোর বলয়ের মধ্যে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
এই বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, বহরের একটি গাড়ির সামনে ইটের টুকরা পড়ার খবর তারা পেয়েছেন। তবে এটি কেউ ইচ্ছাকৃতভাবে ছুড়ে মেরেছে, নাকি মহাসড়কে তীব্র গতিতে চলোমান অন্য কোনো গাড়ির টায়ার থেকে ছিটকে এসে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুরো বিষয়টি সুক্ষ্মভাবে বিশ্লেষণ ও অনুসন্ধান করা হচ্ছে। তিনি আরও যোগ করেন, এটি নিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর মতো কিছু ঘটেনি। প্রকৃত ঘটনা কী ছিল, তা পুলিশি তদন্তের পরেই পরিষ্কারভাবে বলা সম্ভব হবে।
আজ সোমবার সকালে ঢাকা থেকে সড়কপথে বাসে করে বরিশালের উদ্দেশে রওনা হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টার কিছু আগে তাঁর বহরটি বরিশালের গৌরনদীর বাটাজোর এলাকায় পৌঁছায়। দিনভর বরিশালে নানা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন তিনি। সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি আবার সড়কপথেই বরিশাল ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর এই যাতায়াতকে কেন্দ্র করে পুরো ঢাকা-বরিশাল মহাসড়কে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এর মধ্যেই মাদারীপুর অংশে ঘটা এই ঘটনাটি খতিয়ে দেখতে জোর তৎপরতা চালাচ্ছে স্থানীয় জেলা পুলিশ।
মন্তব্য