কুয়েটের উপাচার্যকে লাঞ্ছিত করায় ছাত্রদলের নিন্দা

খবরওয়ালা অনলাইন ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, গত মঙ্গলবার একদল উত্তেজিত শিক্ষার্থী, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গোপন সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাথে যুক্ত, উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে শারীরিকভাবে হেনস্তা করে। একপর্যায়ে ওই উচ্ছৃঙ্খল মব উপাচার্যের ওপর হামলা চালায়, যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কুয়েটের মেডিকেল সেন্টারে চিকিৎসা গ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি চক্র ষড়যন্ত্রমূলকভাবে কুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বৈষম্যবিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম অপব্যবহার করে উপাচার্যকে হেনস্তা করার ঘটনাটি তীব্রভাবে নিন্দা জানানো হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এক বিবৃতিতে বলেন, বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্ত গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিরোধী একটি চক্র কুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। উপাচার্যকে হেনস্তা করার ঘটনা তাদের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ, যা ছাত্রলীগের ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি। নেতৃবৃন্দ উপাচার্যের ওপর সহিংস আক্রমণের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।