খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক:নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে অন্তত ৬৩ জন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় শনিবার সকালে সিলেটমুখী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় পাশে চলমান অপর একটি প্রাইভেটকারেও সংঘর্ষ ঘটে। এতে বাস-ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ জন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত হওয়ায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যান।
ইটাখোলা থানার (ওসি) মনির হোসেন জানান, সকালে নরসিংদী সদরের বাসাইল এলাকায় একটি বাস ও মালবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এ সময় পেছনে থাকা একটি প্রাইভেটকার দুর্ঘটনাকবলিত বাসে ধাক্কা মারে। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে আছে।
খবরওয়ালা/এফএস