খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৫ই আগস্ট ২০২৬, ১১:৫ পিএম
ডিজিটাল ব্যাংকিং সেবা আরও দ্রুত, সুসংহত ও নিরাপদ করতে দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ এবং ‘সিটিজেনস ব্যাংক পিএলসি’-এর মধ্যে এক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ গ্রাহকেরা ডিজিটাল আর্থিক লেনদেনের নতুন মাত্রা পাবেন। ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টের পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত বিতরণ, সহজ অ্যাড মানি এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতায় নিরবচ্ছিন্ন আন্তঃব্যাংক লেনদেনের সুবিধা উন্মুক্ত হলো।
রাজধানীর মতিঝিলে সিটিজেনস ব্যাংকের প্রধান কার্যালয়ে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এই দ্বিপাক্ষিক চুক্তি সই হয়। এতে নগদের পক্ষে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আফজাল আহমেদ (এফসিএ) এবং সিটিজেনস ব্যাংক পিএলসির পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল লতিফ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ এবং সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক প্রবাল আহমেদ (এসিএ), সহযোগী প্রশাসক মো. আজহারুল হক, ট্রেজারি অ্যান্ড মার্চেন্ট অপারেশনস প্রধান আবিদ খান, ডিস্ট্রিবিউটর ম্যানেজমেন্ট প্রধান দেবব্রত কুমার চন্দ, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু ও রেমিট্যান্স প্রধান মো. আহসানুল হক বাশার যোগ দেন। সিটিজেনস ব্যাংকের পক্ষে ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সিএফও মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রিন্সিপাল শাখা প্রধান আব্দুর রউফ ভূঁইয়া, ইভিপি মুজিবুর রহমান ও এসএমআর প্রধান বিজয় চন্দ্র দাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই যৌথ উদ্যোগের মাধ্যমে সিটিজেনস ব্যাংকের গ্রাহকেরা সহজেই নগদ ওয়ালেটে অর্থ জমা বা ‘অ্যাড মানি’ করতে পারবেন। অন্যদিকে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যম হয়ে নগদের সহায়তায় সরাসরি প্রান্তিক পরিবারের কাছে মুহূর্তেই পৌঁছে যাবে। গ্রাহক নিবন্ধন ও অনবোর্ডিং প্রক্রিয়া সহজ করে ক্যাশলেস বা নগদ অর্থহীন সমাজ গড়ার ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
নগদের বিস্তৃত পরিধির কথা তুলে ধরে জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ বলেন, গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবা প্রাপ্তি ঝামেলামুক্ত করতেই ব্যাংকিং খাতের সঙ্গে এই সম্পর্ক জোরদার করা হচ্ছে। এই ধরনের সংযোগ দেশের অর্থনৈতিক রূপান্তরকে আরও ত্বরান্বিত করবে।
অন্যদিকে সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন জানান, নগদের দেশব্যাপী বিস্তৃত শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংকের সেবাসমূহ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়াই তাঁদের মূল লক্ষ্য। ভবিষ্যতে নগদের প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে প্রত্যন্ত অঞ্চলে ন্যানো লোন বা ক্ষুদ্র ঋণ বিতরণের মতো আধুনিক সেবা চালুর পরিকল্পনার কথাও প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, সিটিজেনস ব্যাংক যুক্ত হওয়ায় বর্তমানে দেশের ৪১টি তপশিলি ব্যাংকের সঙ্গে নগদের ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট সংক্রান্ত চুক্তি সম্পন্ন হলো। বর্তমানে সারাদেশে ১০ লক্ষাধিক ‘বাংলা কিউআর’ (Bangla QR) মার্চেন্ট সুবিধা এবং এনপিএসবি অবকাঠামো ব্যবহার করে গ্রাহকদের ডিজিটাল লেনদেন সেবা দিয়ে আসছে ডাক বিভাগের অধীনে পরিচালিত এই মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানটি।
মন্তব্য