খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৬ই আগস্ট ২০২৬, ২:০ পিএম
ঝিনাইদহে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এক মরহুম গ্রাহকের পরিবারকে ৩ লাখ ১৪ হাজার টাকার মৃত্যুদাবির চেক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। ঝিনাইদহ শাখার বীমাগ্রাহক ও পুলিশ কনস্টেবল আক্তারুজ্জামানের আকস্মিক প্রয়াণের পর তাঁর মনোনীত নমিনির হাতে এই দাবির অর্থ তুলে দেয় বীমা প্রতিষ্ঠানটি। ঝিনাইদহের স্থানীয় একটি মিলনায়তনে সুধী সমাবেশ ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে এই চেক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নমিনির হাতে মৃত্যুদাবির চেক তুলে দেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো পরিবারের মূল উপার্জনক্ষম সদস্যের প্রয়াণে যে অপরপূরণীয় আর্থিক ক্ষতি ও অনিশ্চয়তা সৃষ্টি হয়, সময়মতো পাওয়া বীমার অর্থ সেই ধাক্কা সামলাতে বড় ভূমিকা রাখে। গ্রাহকের মৃত্যুর পর দ্রুততম সময়ে প্রতিশ্রুতি রক্ষা ও মৃত্যুদাবি পরিশোধ করায় বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃপক্ষকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান এবং অন্যান্য বীমা প্রতিষ্ঠানকেও একই ধরনের স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বেঙ্গল ইসলামি লাইফের ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী। তিনি বলেন, বেঙ্গল ইসলামি লাইফ কেবল বীমা গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেই থেমে নেই, বরং সারা দেশে নতুন নতুন কর্মসংস্থান তৈরিতেও নিবেদিতভাবে কাজ করছে। দক্ষ জনবল গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনীতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে তিনি উল্লেখ করেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এম এম মনিরুল আলম তপন বলেন, সম্পূর্ণ শরিয়াহভিত্তিক নীতি অনুসরণ করে বেঙ্গল ইসলামি লাইফ তাদের তাকাফুল লাইফ, আধুনিক স্বাস্থ্য বীমা এবং দীর্ঘমেয়াদি পেনশন স্কিম পরিচালনা করে আসছে। সেবার আধুনিকায়ন ও সহজীকরণের অংশ হিসেবে বর্তমানে ডিজিটাল মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপটি ব্যবহারের ফলে গ্রাহকরা খুব সহজেই নিজেদের বীমা সংক্রান্ত তথ্য অনুসন্ধান এবং সেবার অগ্রগতি পরীক্ষা করতে পারছেন, যা গ্রাহকসেবাকে আরও বেশি দ্রুত ও গতিশীল করেছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি নাসিম উদ্দীন এবং বিশিষ্ট ব্যাংকার নূরুল ইসলাম। তারা উভয়ই বেঙ্গল ইসলামি লাইফের এই দ্রুত দাবি নিষ্পত্তির প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানান।
এ সময় বেঙ্গল ইসলামি লাইফের ডেপুটি প্রজেক্ট হেড হাবিবুর রহমান এবং ঝিনাইদহ অফিস ইনচার্জ মো. শাহিন আলমসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বীমাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য