খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: নিজের জমির মতো করে নিজের ভোটটাও পাহারা দেওয়ার আহবান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় বাবা-দাদার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ও হাফেজ জালাল উদ্দীন আদর্শ হেফজখানার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশবাসীকে সঙ্গে নিয়ে একটা আন্দোলন সৃষ্টি করতে চাই, শুধু ভোট দেওয়ার আন্দোলন নয়, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আপনি নিজের জমি যেভাবে পাহারা দেন, নিজের ভোটটাও পাহারা দেবেন। কেন্দ্রে দরকার হলে সবাইকে পাহারা দিতে হবে। যাতে সুন্দর একটি নির্বাচন হয়।’
সিইসি বলেন, ‘আমরা এমন ভোট উৎসব করতে চাই, মানুষ যাতে ভোট দিয়ে ঈদের আনন্দের মতো আনন্দ উদযাপন করতে পারে। আগে প্রশাসনের সহযোগিতা আপনারা ঠিকমতো পাননি, এবার পাবেন। আমরা চাই একটা নিরপেক্ষ, সুন্দর ত্রুটিমুক্ত নির্বাচন হোক।’
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কারো হুকুম মতো চলবে না, সরকারের চাহিদা অনুযায়ী চলবে না। আইন যে ক্ষমতা দিয়েছে সে অনুযায়ী ষোলআনা চলবে। আমরা কারও পক্ষে কাজ করি না, করবো না- এটা আমাদের অঙ্গীকার।’
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন স্কুল ও কলেজের প্রধানসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
খবরওয়ালা/জেআর