আইয়ুব বাচ্চুর ‘ঘুমন্ত শহরে’ গানের নতুন রূপ নিয়ে ভক্তদের তীব্র প্রতিক্রিয়া

প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুর গানকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে সম্প্রতি উদ্যোগ নেওয়া হয়েছে ‘উত্তরাধিকার’ নামে একটি বিশেষ অ্যালবামের। গানগুলোর নতুন সংগীতায়োজন ও সুরের উপস্থাপনায় এ সময়ের বিভিন্ন শিল্পী অংশ নিয়েছেন। এই উদ্যোগ থেকে অর্জিত অর্থ আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরিতে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। তবে অ্যালবামের গানগুলো একে একে প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিশেষ করে অদিত রহমানের গাওয়া ‘ঘুমন্ত শহরে’ গানটির নতুন সংস্করণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় উঠেছে।

১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকীতে এই অ্যালবামের সূচনা হয় বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘রুপালি গিটার’ প্রকাশের মাধ্যমে। এ পর্যন্ত প্রজেক্টটি থেকে মোট ৭টি গান ভক্তদের সামনে এসেছে। প্রথম গানটি শ্রোতারা স্বাভাবিকভাবে গ্রহণ করলেও দ্বিতীয় গান ‘ঘুমন্ত শহরে’ প্রকাশের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংগীত পরিচালক ও শিল্পী অদিত রহমান এই কালজয়ী গানের গায়কী ও সংগীতায়োজনে নিজস্ব ধারা যোগ করার চেষ্টা করেছেন। কিন্তু এই পরিবর্তন একেবারেই মেনে নিতে পারছেন না আইয়ুব বাচ্চু এবং ব্যান্ড এলআরবির একনিষ্ঠ অনুরাগীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবের কমেন্ট বক্সে সাধারণ শ্রোতাদের চরম অসন্তোষ প্রকাশ পাচ্ছে। আকাশ আবির নামের এক ভক্ত ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “বাচ্চু ভাইকে এভাবে অপমান করা একদমই উচিত হয়নি, গানের ভেতর আসল প্রাণটাই হাওয়া হয়ে গেছে।” অন্যদিকে বায়জিদ সিয়াম মন্তব্য করেছেন, “পুরো গানের ১২টা বাজিয়ে দেওয়া হয়েছে।” শ্রোতাদের বড় একটি অংশ মনে করছেন, গানটির আসল আবেদন ও আত্মাকে নষ্ট করে ফেলা হয়েছে। অনেকের দাবি, অবিলম্বে গানটি ইউটিউব চ্যানেল থেকে সরাতে হবে, অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিচ্ছেন কেউ কেউ।

বাচ্চুর জন্মদিন কেন্দ্র করে এই সময়ে বেশ কয়েকজন সংগীতশিল্পী তাঁর গান কাভার করেছেন। এর মধ্যে মোল্লা বাবুর গাওয়া ‘কষ্ট কাকে বলে’ গানটি শ্রোতামহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। সার্বিক বিষয় নিয়ে মতামত জানাতে গিয়ে তিনি জানান, তিনি আইয়ুব বাচ্চুর প্রতি আজীবন শ্রদ্ধা রেখে গাইতে চান। উত্তরাধিকার অ্যালবামের সামগ্রিক চেষ্টা সুন্দর হলেও ‘ঘুমন্ত শহরে’ গানটি শ্রোতা হিসেবে তাঁকে হতাশ করেছে। তাঁর মতে, গানটি যদি কোনো নতুন শিল্পীর মৌলিক কাজ হতো, তবে প্রশংসা পেত। কিন্তু আইয়ুব বাচ্চুর মতো সংগীতাংশের কালজয়ী সৃষ্টির যে ভাবাবেগ, সেটি এখানে পুরোপুরি অনুপস্থিত।

এদিকে বিতর্কের মুখ দাঁড়িয়ে অ্যালবামের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে এলআরবির দীর্ঘদিনের গিটারিস্ট এবং আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদের ওপর। বহু দিন ধরে বাচ্চুর সৃষ্টি সুরক্ষার কাজে যুক্ত থাকা এই সংগীতশিল্পী বিষয়টি পরিষ্কার করতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বক্তব্য দিয়েছেন।

মাসুদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘উত্তরাধিকার’ নামের এই প্রকল্পের সঙ্গে তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ভক্তদের মনে তৈরি হওয়া ক্ষোভের পেছনে যে যৌক্তিক কারণ রয়েছে, তা তিনি বুঝতে পারেন। কিন্তু এই বিতর্কের ভেতর তাঁর নাম টেনে আনা সম্পূর্ণ ভুল। শুরু থেকেই অ্যালবামের কোনো সিদ্ধান্ত বা সংগীতপ্রক্রিয়ার সঙ্গে তিনি যুক্ত ছিলেন না। প্রয়াত গুরু আইয়ুব বাচ্চুর সৃষ্টির আবেগ ও মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো কাজের সঙ্গে তিনি অতীতেও ছিলেন না, ভবিষ্যতেও থাকবেন না বলে নিশ্চিত করেন।

বর্তমানে এই অ্যালবামের গানগুলো নিয়ে ভক্ত ও সংগীতপ্রেমীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যা আগামী দিনে কোন মোড় নেয়—তা এখন দেখার বিষয়।

Tags :

Shakib

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।