চট্টগ্রামে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পুলিশের দুই এসআই আহত

খবরওয়ালা মহানগর ডেস্ক: চট্টগ্রাম নগরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এসময় মো. তারেক, মো. জুয়েল ও জাহেদুল ইসলাম নামের তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নগরের ডবলমুরিং থানার বারিক বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন নগরের ডবলমুরিং থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আহলাত ইবনে জামিল ও মো. নজরুল ইসলাম।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বারিক বিল্ডিং মোড়ে একটি টিনশেড ঘরে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির জেরে ছিনতাইকারীদের মধ্যে হাতাহাতি চলছে। থানার দুই এসআই ঘটনাস্থলে গিয়ে তাঁদের আটকের চেষ্টা করেন। ওই সময় দুই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন ছিনতাইকারীরা। অভিযানে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা গেলেও কয়েকজন পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

তিনি জানান, দুই পুলিশ কর্মকর্তা আহত হওয়ার বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। তাঁদের কাছ থেকে ২ লাখ ১২ হাজার টাকা ও ছিনতাইয়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, ভাগ-বাঁটোয়ারা একপর্যায়ে তারেকের মাথায় ছুরিকাঘাত করেন সঙ্গী ছিনতাইকারীরা। আহত পুলিশ দুই সদস্য ও একজন ছিনতাইকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।