পার্থিব জীবনের মোহ ত্যাগ করে আখিরাতকে প্রধান লক্ষ্য হিসেবে সামনে রেখে জীবন পরিচালনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংগঠনের প্রতিটি কর্মকাণ্ডেও এই আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। একই সঙ্গে দলীয় দায়িত্বশীলদের নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধ ধারণের পাশাপাশি সাংগঠনিক স্বচ্ছতা, জবাবদিহি ও সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যসহ কর্মপরিষদের পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে জামায়াত আমির মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, দেশ ও জাতি আজ এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েছে। সেই সঙ্গে জামায়াতে ইসলামীকেও নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এসব বাধা পেরিয়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নেতা-কর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, মুমিন হিসেবে প্রাত্যহিক জীবন পরিচালনায় আখিরাতকেই চূড়ান্ত লক্ষ্য হিসেবে স্থির রাখতে হবে। সংগঠনের শৃঙ্খলা ও গতিশীলতা বাড়াতে প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ অবস্থানে থেকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি উল্লেখ করেন, দেশের বিভিন্ন স্থানে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। অথচ এসব বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক। অবিলম্বে জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ডা. শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বলেন, এ দেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তি বা সন্ত্রাসের স্থান হবে না—জাতি আজ সেটিই দেখতে চায়।
২০২৪ সালের জুলাই বিপ্লবের আত্মত্যাগের কথা স্মরণ করে জামায়াত আমির বলেন, ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং হাজার হাজার আহতের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট এখন সময়ের অপরিহার্য দাবি। সংসদে নিজেদের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, জামায়াতে ইসলামী সব সময় একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে এবং জনগণের কণ্ঠস্বর হয়ে কথা বলবে। কোনো অন্যায়ের সঙ্গে আপস না করার ঘোষণা দিয়ে তিনি জানান, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে তাঁদের অনড় অবস্থান অটুট থাকবে।
বক্তব্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষার বিষয়েও জোরালো দাবি তোলেন ডা. শফিকুর রহমান। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী ঘটছে, তা জনগণের সামনে স্পষ্টভাবে প্রকাশ করার দাবি জানিয়ে তিনি বলেন, জাতি এসব বিষয়ে স্বচ্ছতা দেখতে চায়। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সংসদে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা হুঁশিয়ারি দেন, সংসদে এসব নোটিশের যথাযথ জবাব না পাওয়া গেলে তাঁরা জনগণের আদালতে গিয়ে কথা বলবেন। এজন্য মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে দেশ ও জাতির খেদমতে সর্বাত্মক প্রস্তুতি নিতে দলীয় দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি।
বৈঠকে সংগঠনের বার্ষিক পরিকল্পনা-২০২৭ প্রণয়ন, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।


