ব্যাংক খাতের মতো বিমায়ও বড় নৈরাজ্য চলছে: অর্থমন্ত্রী

গ্রাহকদের বিমা দাবি পরিশোধে চূড়ান্তভাবে ব্যর্থ হলে সংশ্লিষ্ট বিমা কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বড় ধরনের নৈরাজ্য বিরাজ করছে।

এদিন বিকেল ৪টা ২০ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকের প্রশ্নোত্তর পর্বে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজমুন নাহার (মহিলা আসন-৪০)-এর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বিমা খাতের বর্তমান চিত্র ও সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেন।

অর্থমন্ত্রী জানান, বিমা খাতে চলমান এই নৈরাজ্য দূর করতে সরকার ইতিমধ্যে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) পুনর্গঠন করেছে। দায়িত্বশীল ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে সংস্থাটির নতুন কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন ধরে যেসব বিমা কোম্পানি গ্রাহকদের পাওনা দাবি পরিশোধ করতে পারছে না, তাদের জন্য আইডিআরএ ইতিমধ্যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে।

বিমা কোম্পানিগুলোর অনিয়মের চিত্র তুলে ধরে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেক কোম্পানি আইনবহির্ভূতভাবে বিমা গ্রাহকদের টাকা ব্যবহার করে জমি ও সম্পত্তি কিনেছে এবং বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছে। এখন গ্রাহকদের বিমা দাবি পরিশোধের জন্য সেই সম্পদ বিক্রি করতে তাদের বাধ্য করা হচ্ছে। এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

একই সংসদ সদস্যের তারকাচিহ্নিত অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদে জানান, দেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশনসহ মোট ৮২টি লাইফ ও নন-লাইফ বিমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে আর্থিক অবস্থা দুর্বল এবং পরিচালন দক্ষতা খারাপ—এমন আটটি বিমা কোম্পানির বিরুদ্ধে ইতিমধ্যে কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সমস্যাগ্রস্ত ওই আটটি কোম্পানির গ্রাহকদের পাওনা পরিশোধের অগ্রগতির তথ্যও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, আইডিআরএর মাধ্যমে এখন পর্যন্ত ওই আট কোম্পানির ২২ হাজার ৩০ জন বিমা গ্রাহকের মধ্যে মোট ৮৪ কোটি টাকা দাবি পরিশোধ করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দক্ষ ও নিরপেক্ষ অডিট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে এবং পৃথক ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে গ্রাহকদের দাবি নিষ্পত্তি করা হচ্ছে। সরকারের এই উদ্যোগের ফলে অন্যান্য বিমা কোম্পানিও তাদের দাবি নিষ্পত্তির কার্যক্রম জোরদার করেছে, যা সামগ্রিক প্রক্রিয়াকে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার কাছাকাছি নিয়ে এসেছে।

অনিয়মে জড়িত বিমা কোম্পানিগুলোর লাইসেন্স বাতিলের বিষয়ে অর্থমন্ত্রী স্পষ্ট অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, আইনগত ও আর্থিক দায়বদ্ধতা এবং গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়েই লাইসেন্স বাতিলের বিষয়টি পর্যালোচনা করা হবে। কোনো কোম্পানির লাইসেন্স বাতিল করা হলেও গ্রাহকদের প্রতি তাদের বিদ্যমান দায়বদ্ধতা বিলুপ্ত হয়ে যায় না। তাই গ্রাহকদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।