পবিত্র কাবাঘরকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সৌদি প্রবাসীর

সৌদি আরবে অবস্থানকালে পবিত্র কাবাঘরকে সাক্ষী রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সব ধরনের রাজনীতি ও দলীয় পদ-পদবি থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন মো. সাদ্দাম হাওলাদার নামে এক প্রবাসী। তিনি দলের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন ‘জিয়া সাইবার ফোর্স’-এর বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
সোমবার (৩১ আগস্ট) তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পবিত্র কাবা শরিফকে সামনে রেখে রাজনীতি ত্যাগের ঘোষণার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওর নিচে মন্তব্য বিভাগে দীর্ঘ এক বার্তায় নিজের রাজনৈতিক পটভূমি ও দল ছাড়ার নেপথ্য কারণ বিস্তারিত তুলে ধরেন এই প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই দীর্ঘ বার্তায় সাদ্দাম হাওলাদার লেখেন, তিনি, তাঁর পরিবার, বাবা ও চাচাসহ তাঁদের বংশের ৯০ শতাংশ মানুষ দীর্ঘদিন ধরে সরাসরি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি জিয়া সাইবার ফোর্সের আগৈলঝাড়া উপজেলার সহ-সভাপতি পদে দায়িত্ব পালনের পাশাপাশি ইতিপূর্বে জাতীয় উপ-নির্বাচন কমিটির সদস্য এবং ৪ নম্বর মডেল গৈলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় ছিলেন।
বর্তমান রাজনৈতিক ব্যবস্থার ওপর ক্ষোভ প্রকাশ করে ওই প্রবাসী লেখেন, সাধারণ মানুষ বই-পুস্তকে পড়েছিল যে রাজনীতি মূলত জনগণের সেবা করার জন্য, কিন্তু বাস্তব চিত্র এখন অনেকটাই ভিন্ন। তবে দলের নীতি ও শীর্ষ নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শন করে তিনি জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, মরহুমা বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা অক্ষুণ্ণ রয়েছে। কিন্তু দেশের বর্তমান সার্বিক রাজনৈতিক প্রেক্ষিত ও পরিস্থিতির কারণে তাঁর পক্ষে আর রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তওবা পড়ার কথা জানিয়ে তিনি সুস্পষ্টভাবে ঘোষণা দেন যে, ওইদিন থেকেই তিনি দেশের আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং পবিত্র কাবাঘরকে সামনে রেখে নিজের এই তওবার কথা প্রকাশ্যে জানাচ্ছন।
বিষয়টি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ প্রসঙ্গে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ঘটনাটি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে অবগত ছিলেন না। সাদ্দাম কাজের প্রয়োজনে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন উল্লেখ করে তিনি জানান, অন্য কারও সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ বা ক্ষোভের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। লিখিত পদত্যাগপত্র না পাঠিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করে কোনো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে কি না, তাও স্থানীয় দলীয় নেতৃত্বের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে।
Tags :

সৌরভ বিশ্বাস | উপ-সম্পাদক | খবরওয়ালা বাংলা

https://bn.khaborwala.com/

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।