ফুটবল খেলায় দীর্ঘকাল ধরে শৃঙ্খলা রক্ষার প্রতীক হিসেবে লাল ও হলুদ কার্ড ব্যবহার হয়ে আসছে। তবে এবার ইউরোপের ফুটবলে যুক্ত হলো সম্পূর্ণ নতুন ধারার এক শাস্তিমূলক সংকেত—’ব্ল্যাক কার্ড’ বা কালো কার্ড। রোমানিয়া ফুটবল ফেডারেশন বয়সভিত্তিক খেলায় গ্যালারিতে থাকা অভিভাবক ও দর্শকদের অনাকাঙ্ক্ষিত ও অশোভন আচরণ রুখতে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। কাতালানভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন এই নিয়ম অনুযায়ী, মাঠে লড়াইরত খেলোয়াড় বা কোচিং স্টাফের কোনো অপরাধের জন্য রেফারি পকেট থেকে ব্ল্যাক কার্ড বের করবেন না। এটি কার্যকর হবে কেবল গ্যালারিতে বসা প্রাপ্তবয়স্ক দর্শকদের অপেশাদার আচরণের বিরুদ্ধে। আগামী দিনগুলোতে ৭ থেকে ১৬ বছর বয়সি শিশু-কিশোরদের সকল অফিসিয়াল ও অপেশাদার টুর্নামেন্টে নিয়মটি কার্যকর থাকবে। রোমানিয়া ফুটবল ফেডারেশনের জরুরি কমিটি ফুটবলকে শিশুদের জন্য আনন্দময়, নিরাপদ এবং সুস্থ মানসিক বিকাশের স্থান হিসেবে গড়ে তুলতেই এমন সিদ্ধান্ত অনুমোদন করেছে।
অভিভাবকদের উচ্চাকাঙ্ক্ষা, অতিরিক্ত চাপ কিংবা হতাশার বহিঃপ্রকাশ যাতে কোমলমতি খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য। নতুন প্রবিধান অনুযায়ী, কোনো ম্যাচে রেফারি ব্ল্যাক কার্ড প্রদর্শন করলে সেই ম্যাচটি সেখানেই চিরতরে পরিত্যক্ত ঘোষণা করা হবে। সেটি আর পুনরায় শুরু করার কোনো সুযোগ থাকবে না।
তবে রেফারি মাঠে গিয়েই সরাসরি ব্ল্যাক কার্ড প্রদর্শন করবেন না। পুরো প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হবে:
১. প্রথম পদক্ষেপ (সতর্কবার্তা): গ্যালারি থেকে গালাগালি, হট্টগোল বা সীমানা লঙ্ঘনের ঘটনা ঘটলে রেফারি প্রথমে উভয় দলের কোচকে ডেকে গ্যালারি শান্ত করার নির্দেশ দেবেন এবং মাইকের মাধ্যমে দর্শক ও অভিভাবকদের সতর্ক করা হবে।
২. দ্বিতীয় পদক্ষেপ (সাময়িক স্থগিত): প্রথম সতর্কবার্তার পরও পরিস্থিতির উন্নতি না হলে রেফারি ১০ মিনিটের জন্য খেলা স্থগিত রাখবেন। এই সময় উভয় দলের খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তার স্বার্থে ড্রেসিংরুমে পাঠিয়ে দেওয়া হবে।
৩. চূড়ান্ত পদক্ষেপ (ব্ল্যাক কার্ড ও ম্যাচ বাতিল): খেলা আবার শুরু হওয়ার পর যদি গ্যালারি থেকে পুনরায় একই ধরনের আপত্তিকর আচরণ করা হয়, তবে রেফারি ম্যাচ কর্মকর্তা ও চতুর্থ রেফারির পরামর্শে আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক কার্ড দেখাবেন। এর সাথে সাথেই ম্যাচের ইতি ঘটবে।
রোমানিয়া ফুটবল ফেডারেশন বেশ কিছু কাজকে শাস্তিমূলক অপরাধ হিসেবে নির্দিষ্ট করেছে। এর মধ্যে রয়েছে শিশুদের শারীরিক বা মানসিকভাবে লাঞ্ছিত করা, প্রতিপক্ষ দলের খেলোয়াড় বা কোচদের গালিগালাজ করা, ম্যাচ পরিচালকদের কাজে বাধা দেওয়া কিংবা আক্রমণ করা এবং গ্যালারিতে নিজেদের মধ্যে সংঘাত বা হাতাহাতিতে লিপ্ত হওয়া।
বিশ্ব ক্রীড়াঙ্গনে এই সিদ্ধান্তকে এক অনন্য ও কালজয়ী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই নিয়মের মাধ্যমে রোমানিয়ান ফুটবলের নীতিনির্ধারকরা স্পষ্ট বার্তা দিলেন—গ্যালারির কোলাহল ও শৃঙ্খলাহীনতা যখন শিশুদের খেলার স্বাভাবিক আনন্দ কেড়ে নেয়, তখন ম্যাচের ফলের চেয়ে শিশুদের সুস্থ পরিবেশ ও নিরাপত্তাই সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়।


