আইইবি নির্বাচন ২০২৬ এ মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্যানেল ” সচেতন প্রকৌশলী সমাজ” এর সকল প্রার্থীর মনোনয়ন বাতিল

আগামী ১২ নভেম্বর, ২০২৬ অনুষ্ঠিতব্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭–২০২৮ মেয়াদের নির্বাচনে প্রকৌশলী সাদে উদ্দিন আহমেদ সোহেল ও প্রকৌশলী কাজী খায়রুল বাশারের নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ” সচেতন প্রকৌশলী সমাজ” মনোনীত প্যানেলের সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

গতকাল ১৭ সেপ্টেম্বর আইইবির গঠনতন্ত্র পরিপন্থী অবৈধ দখলদার ও অনির্বাচিত কমিটি কর্তৃক গঠিত নির্বাচন কমিশন প্রকাশিত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তালিকায় এ তথ্য জানানো হয়। তালিকা অনুযায়ী, প্রেসিডেন্ট পদে প্রার্থী প্রকৌশলী সাদে উদ্দিন আহমেদ সোহেল, সম্মানী সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী কাজী খায়রুল বাশার এবং ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হাবিব আহমেদ হালিম মুরাদ, প্রকৌশলী শেখ মুনির আহমেদ, প্রকৌশলী আবদুল আলীম ও প্রকৌশলী মেজবাহুজ্জামান চন্দনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ ছাড়া সম্মানী সহকারী সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকৌশলী মনির উদ্দিন, প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম ও প্রকৌশলী নাঈম আহমেদসহ প্যানেলটির অন্যান্য প্রার্থীর মনোনয়নও বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিলের বিষয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি প্যানেলের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, আইইবির মত একটি ঐতিহ্যবাহী অরাজনৈতিক পেশজীবি প্রতিষ্ঠানের নির্বাচন অবশ্যই নিরপেক্ষ স্বচ্ছ অংশগ্রহণমুলক ও গ্রহনযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে অনুষ্ঠিত হওয়া আবশ্যক। কিন্তু
গত দুই বছরেরও বেশি সময় ধরে একটি পক্ষ আইইবি অবৈধভাবে দখল করে রেখেছে। তাদের দাবি, এরই ধারাবাহিকতায় একটি ‘প্রহসনের নির্বাচন’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্যানেলটির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, নির্বাচনে নিজেদের প্রভাব বজায় রাখার উদ্দেশ্যে একটি বিতর্কিত ভোটার তালিকা তৈরি করা হয়েছে। উক্ত ভোটার তালিকায় আইইবির গঠনতন্ত্র অনুযায়ী সদস্য পদ প্রাপ্তির Criteria পুরন না হওয়া প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তারা দাবি করেন।

এ ছাড়া মনোনয়নপত্র জমা দেওয়া থেকে বিরত রাখার জন্য বিভিন্ন প্রকৌশলীকে হয়রানি, হুমকি এবং হয়রানিমূলক বদলির মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বলেও অভিযোগ করেন প্যানেলটির নেতৃবৃন্দ।

তাদের ভাষ্য, এসব প্রতিবন্ধকতার মধ্যেও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ” সচেতন প্রকৌশলী সমাজ ” মনোনীত প্যানেলের প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন। কিন্তু যাচাই-বাছাই শেষে কোনো গ্রহণযোগ্য যৌক্তিক ও গঠনতন্ত্রে উল্লেখিত কারণ ছাড়াই প্যানেলটির সব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

এদিকে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন প্যানেলটির নেতৃবৃন্দ। তারা বলেন, আপিলের মাধ্যমে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ রয়েছে এবং তারা আশা করছেন, তাদের প্রার্থীদের মনোনয়ন পুনর্বিবেচনা করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

তবে মনোনয়ন বাতিলের কারণ এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।