যৌন হয়রানির অভিযোগ, অধ্যক্ষের অপসারণ চাইলেন শিক্ষার্থীরা

ফরিদপুরের শাবজানেসা মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মো. আলমগীর হোসাইনের বিরুদ্ধে যৌন হয়রানি, অনৈতিক কর্মকাণ্ড, অর্থ আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

রোববার দুপুরে মাদরাসার সামনে সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তারা অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও বিভিন্ন বরাদ্দের অর্থ ব্যবহারের বিষয়েও তদন্তের আহ্বান জানান তারা।

মানববন্ধনে এক শিক্ষক অভিযোগ করেন, অধ্যক্ষ কয়েকজন ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণ ও অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছেন। তার ভাষ্য, একজন শিক্ষক শিক্ষার্থীদের কাছে অভিভাবকের মতো। সেই জায়গায় কোনো ধরনের অনৈতিক আচরণের অভিযোগ ওঠা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও অভিযোগ করেন, মাদরাসার এতিম শিক্ষার্থীদের জন্য বরাদ্দ খাবার ও অন্যান্য সামগ্রী আত্মসাতের ঘটনাও ঘটেছে।

মাদরাসা সূত্রে জানা যায়, ইসলামী শিক্ষার প্রসারের উদ্দেশ্যে ১৯৮৯ সালে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকায় শাবজানেসা মহিলা কামিল মাদরাসা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। আবাসিক সুবিধাসহ মাদরাসাটিতে বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থী এবং প্রায় ৩০ জন শিক্ষক রয়েছেন।

২০২৩ সালের ১ ডিসেম্বর অধ্যক্ষ হিসেবে মো. আলমগীর হোসাইন দায়িত্ব নেন। এরপর থেকে বিভিন্ন বরাদ্দ ও অনুদানের অর্থ ব্যবহারে অনিয়ম, টিউশন ফির অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠে বলে দাবি করেন শিক্ষকরা।

অভিযোগকারীদের ভাষ্য, মাদরাসার সংস্কার ও উন্নয়নের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে দুই দফায় পাওয়া ৩ লাখ টাকা, জেলা পরিষদের ২ লাখ টাকা, মন্ত্রণালয়ের অডিটের কথা বলে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে নেওয়া ১ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে অনুদানের জন্য একটি প্রকাশনীর দেওয়া ১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ছাড়া বিএমএড প্রোগ্রামের বরাদ্দের অর্থ ব্যবহারে অনিয়ম এবং কোটেশন ছাড়াই বিভিন্ন শ্রেণির পাঠ্যবই বিক্রির অভিযোগও করেছেন তারা।

শিক্ষকরা আরও অভিযোগ করেন, ফাজিল প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে চাকরি ও অর্থ দেওয়ার প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজে বাধ্য করা হয়েছিল। তাদের দাবি, গত ১৬ আগস্ট শিক্ষার্থীরা বিষয়টি হাতেনাতে দেখতে পান। পরে ঘটনাটিকে কেন্দ্র করে একাধিক চ্যাটিং ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে অধ্যক্ষ শিক্ষক ও শিক্ষার্থীদের ভয়ভীতি দেখান এবং লাঠি দিয়ে মারধর করেন বলেও অভিযোগ করা হয়।

অভিযোগের পর ১৯ আগস্ট অসুস্থতার কারণ দেখিয়ে মাদরাসার সভাপতি ও জেলা প্রশাসকের কাছে ছুটি নেন অধ্যক্ষ। এরপর থেকে তিনি আর প্রতিষ্ঠানে ফেরেননি বলে জানান শিক্ষকরা।

এরই মধ্যে ১৯ আগস্ট মাদরাসার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীদের স্বাক্ষরিত একটি অভিযোগ জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়। পরে ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা) ও কল্যাণ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজিন ইকো মাদরাসাটি পরিদর্শন করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. আমিনুল ইসলাম দাবি করেন, কর্মকর্তার উপস্থিতিতে অধ্যক্ষের কক্ষের টেবিলের ড্রয়ার থেকে বিভিন্ন যৌন উত্তেজক ওষুধ ও সরঞ্জাম পাওয়া যায়। একই সঙ্গে বিভিন্ন বরাদ্দসংক্রান্ত নথিপত্রও সেখানে পাওয়া যায়নি বলে তিনি জানান।

তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন অধ্যক্ষ মো. আলমগীর হোসাইন। গণমাধ্যমকে তিনি বলেন, মাদরাসার প্রতিষ্ঠাকালীন সদস্য আশিকুর রহমান বাচ্চুর সঙ্গে মতানৈক্যের জেরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাকে শোকজ করা হয়েছে এবং তিনি এর লিখিত জবাবও দিয়েছেন বলে জানান।

অধ্যক্ষের দাবি, ১৬ আগস্ট থেকে তার কক্ষে তালা দেওয়া হয়েছে। ফলে তিনি সেখানে প্রবেশ করতে পারেননি। তার ভাষ্য, এ অবস্থায় তার কক্ষে ওষুধ রাখার পাশাপাশি অন্য কোনো জিনিসও রেখে দেওয়া সম্ভব।

অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি মাদরাসার বিভিন্ন বরাদ্দ, অনুদান, টিউশন ফির অর্থ এবং অন্যান্য আর্থিক লেনদেন খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা। তাদের দাবি, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অধ্যক্ষের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।