ফিলিস্তিনের গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় গত তিন বছরে ২০ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। একই সময়ে শিক্ষা খাতের ১ হাজার ৫৮ জন কর্মকর্তা ও কর্মচারীও প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মীরা রয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক পরিসংখ্যান প্রতিবেদনে শিক্ষা খাতে ইসরায়েলি হামলার ভয়াবহ প্রভাবের এই চিত্র তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, গাজা উপত্যকাতেই নিহত শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে ১৯ হাজার ১৮৯ জন স্কুল শিক্ষার্থী এবং ১ হাজার ৩৮৬ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। অর্থাৎ গাজায় স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ২০ হাজার ৫৭৫ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।
হামলায় আহত শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপক। গাজায় ২৮ হাজার ৫৮৬ জন স্কুল শিক্ষার্থী এবং ৩ হাজার ৮২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত হয়েছেন। পাশাপাশি শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত ৮০৫ জন স্কুল কর্মী ও ২৪৬ জন বিশ্ববিদ্যালয় কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ হাজার ২৯৮ জন স্কুল কর্মী এবং ১ হাজার ৪৯৩ জন বিশ্ববিদ্যালয় কর্মী।
অধিকৃত পশ্চিম তীরেও শিক্ষা খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ১৩৪ জন স্কুল শিক্ষার্থী ও ৩৯ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৭১ জন স্কুল শিক্ষার্থী এবং ২৮৩ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
শুধু প্রাণহানি ও আহত হওয়ার মধ্যেই ক্ষয়ক্ষতি সীমাবদ্ধ নেই। পশ্চিম তীরে ৪১৬ জন স্কুল শিক্ষার্থী এবং ৪৮১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে সাতজন স্কুল কর্মী নিহত ও ২৬ জন আহত হয়েছেন। এছাড়া ১৭৬ জনের বেশি শিক্ষক এবং ২১ জন বিশ্ববিদ্যালয় কর্মীকে আটক করা হয়েছে।
ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। হামলায় উপত্যকার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোও এই ধ্বংসযজ্ঞের বাইরে থাকেনি। স্কুল ও বিশ্ববিদ্যালয় আক্রান্ত হওয়া, ভবন ধ্বংস এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক নিহত বা আহত হওয়ায় গাজার শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে যুদ্ধের সরাসরি প্রাণহানির পাশাপাশি দীর্ঘমেয়াদে একটি প্রজন্মের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়েও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় একই সময়ে ১ হাজার ২১০ জন ফিলিস্তিনি নিহত এবং ১৩ হাজার ৩৫০ জনের বেশি আহত হয়েছেন। সেখানে ২৪ হাজার ৬০০ জনের বেশি মানুষ আটক হয়েছেন বলে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



