‘আওয়ামী লীগ কোনো ধরনের সমঝোতা চায় না’: মোহাম্মদ আলী আরাফাত

বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে ‘রিকনসিলিয়েশন’ বা রাজনৈতিক সমঝোতা নিয়ে আলোচনা-পর্যালোচনার মধ্যে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো ধরনের সমঝোতা চায় না। দলটি শুধু জনগণের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে চায়, যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের সরকার নিজেরাই নির্ধারণ করতে পারে।

আরাফাত বলেন, আওয়ামী লীগ এমন বাংলাদেশ চায় না, যেখানে অবৈধভাবে ক্ষমতা দখল করা কিংবা একতরফা ও সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করা কোনো গোষ্ঠী রাষ্ট্র পরিচালনা করবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দল বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে একটি স্বাধীন বিচারব্যবস্থা প্রয়োজন।

স্ট্যাটাসে মোহাম্মদ আলী আরাফাত বলেন, জনগণের ভোটাধিকার ও স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করা গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে; কারও সঙ্গে কোনো সমঝোতার প্রয়োজন নেই।

তিনি বলেন, আওয়ামী লীগের চাওয়া একটাই—বাংলাদেশের জনগণ যেন তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পায় এবং দেশ আবার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে ফিরে যায়।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে আরাফাত অভিযোগ করেন, দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার—দুটিই হরণ করা হয়েছে এবং একটি গোষ্ঠী রাষ্ট্রযন্ত্র দখল করে নিয়েছে।

‘তথাকথিত সমঝোতা’র ধারণাকে তিনি ষড়যন্ত্রকারীদের একটি অপকৌশল হিসেবে উল্লেখ করে বলেন, এটি জনগণের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থী।

বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা বা ‘রিকনসিলিয়েশন’ নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে মোহাম্মদ আলী আরাফাতের এই বক্তব্যকে দলটির অবস্থান স্পষ্ট করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।