বগুড়া মাদকসম্রাজ্ঞী আফিয়া ফেরদৌসী মিম সহ আটক ৪।

বগুড়া মাদকসম্রাজ্ঞী আফিয়া ফেরদৌসী মিম সহ কালাইয়ে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও কুপিজেসিক ইনজেকশনসহ আটক ৪।

জয়পুরহাটের কালাই উপজেলায় যৌথ মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক কারবারি ও এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০২ পিস কুপিজেসিক ইনজেকশন, দুটি স্মার্টফোন ও নগদ ১৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), স্থানীয় পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম এলাকার একটি পুকুরপাড় থেকে তাঁদের আটক করা হয়। অভিযানে স্থানীয় ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
আটক ব্যক্তিরা হলেন পাঁচগ্রাম গ্রামের দেলোয়ার হোসেন (৩৫) ও ছানোয়ার হোসেন (৩২) এবং দেওগ্রাম গ্রামের আঞ্জমান (৩২)। এ ছাড়া বগুড়া সদর উপজেলার চালোপাড়া এলাকার আফিয়া ফেরদৌসী মিম (২৫) নামের এক নারীকে আটক করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় নির্ভরযোগ্য সূত্রের তথ্য এবং জেলা আইন-শৃঙ্খলা কোর কমিটির মাসিক সভায় আলোচিত ও চিহ্নিত মাদক কারবারিদের বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা ও একটি গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। মোঃ ছানোয়ার হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে এবং তিনি আগে ১ বার গ্রেপ্তার হয়েছিলেন বলে, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫৪ হাজার টাকা মূল্যের ১৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৩০ হাজার ৬০০ টাকা মূল্যের ১০২ পিস কুপিজেসিক ইনজেকশন। এ ছাড়া ৬০ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ও নগদ ১৩ হাজার ১০ টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ১ লাখ ৫৭ হাজার ৬১০ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক নারীকে শুক্রবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে কালাই থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ৩ জন ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্য থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।
বিজিবি জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বাহিনীটি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।