দেশের জনপ্রিয় পপশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও সংগীতশিল্পী আমিরুল মোমেনিন মানিকের নতুন গান ‘সূর্যবার’ প্রকাশিত হয়েছে। গানটি ইতিমধ্যে মানিক মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। হতাশা, সংকট, ভেঙে যাওয়া স্বপ্ন ও জীবনের নানা প্রতিকূলতার বিপরীতে মানুষের মনে আশার আলো জ্বালানোর বার্তা নিয়ে তৈরি হয়েছে গানটি।
‘সূর্যবার’ গানের কথা লিখেছেন জীবনমুখী গানের শিল্পী আমিরুল মোমেনিন মানিক। এর সুর করেছেন পিজিত মহাজন। সংগীতায়োজন করেছেন অটামনাল মুন। গানের কথা ও সুরের সমন্বয়ে শ্রোতাদের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
নতুন গানটি নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, মানুষের জীবনে প্রতিনিয়ত স্বপ্নভঙ্গ, প্রতারণা ও নানা ধরনের হতাশা আসে। বিভিন্ন কারণে মানুষ ক্রমেই নিরাশ হয়ে পড়ে। সেই হতাশা ও অন্ধকারের বিপরীতে মানুষের মনে আশার সঞ্চার করতেই তাঁরা ‘সূর্যবার’ গানটি গেয়েছেন।
গানটির কথা ও সুরের প্রশংসা করে এই পপশিল্পী বলেন, গানের কথার মতো সুরও অসাধারণ। দীর্ঘদিন পর তিনি এমন একটি বাস্তবধর্মী গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর বিশ্বাস, ইতিবাচক পরিবর্তনের পক্ষে বাংলা গান আরও এক ধাপ এগিয়ে যাবে।
ফেরদৌস ওয়াহিদ বাংলা পপসংগীতের পরিচিত নাম। আশির দশকে তাঁর গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ‘এমন একটা মা দে না’, ‘মামুনিয়া’ ও ‘আগে যদি জানতাম’ গানগুলোর মাধ্যমে তিনি শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পান। সময়ের সঙ্গে বাংলা পপসংগীতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন এই শিল্পী। পরবর্তী সময়ে তাঁর ছেলে হাবিব ওয়াহিদও সংগীতায়োজন ও গানের কথায় নতুনত্ব এনে বাংলা গানের ধারায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেন।
অন্যদিকে, আমিরুল মোমেনিন মানিক ২০০৫ সালে ‘মা যে দশ মাস দশ দিন’ গানটির মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। পরে বিশিষ্ট সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে গাওয়া ‘আয় ভোর’, ‘নীল পরকীয়া’ ও ‘সকাল হবে কি’ গানগুলোও শ্রোতাদের মধ্যে পরিচিতি পায়। জীবনমুখী কথায় মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা, আবেগ ও বাস্তবতাকে তুলে ধরার জন্য তিনি পরিচিত।
সংগীতচর্চার পাশাপাশি লেখালেখি ও সাংবাদিকতাতেও সক্রিয় মানিক। ২০১২ সালে বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় প্রকাশিত তাঁর ‘A Few Stupid Teachers of the University’ বইটি বেস্টসেলার হিসেবে পরিচিতি পায়। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০১১ সালে তিনি সম্মানজনক ইউনেসকো ক্লাব সাংবাদিকতা পুরস্কার লাভ করেন।
ইউটিউবভিত্তিক সাংবাদিকতার ধারণা নিয়ে তিনি ‘চেঞ্জটিভি.প্রেস’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি হামদর্দ বাংলাদেশের তথ্য ও জনসংযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
‘সূর্যবার’ গানটির মধ্য দিয়ে ফেরদৌস ওয়াহিদ ও আমিরুল মোমেনিন মানিক জীবনের হতাশার মধ্যেও আশাবাদী থাকার বার্তা তুলে ধরেছেন। বাস্তব জীবনের সংকট ও স্বপ্নভঙ্গের অভিজ্ঞতাকে গানের কথায় ধারণ করে শ্রোতাদের সামনে ইতিবাচক চিন্তার একটি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন দুই শিল্পী।


