৯ দিনেও সন্ধান মেলেনি কলেজছাত্র রিদোয়ানকে, ঢাকা-আরিচা মহাসড়কে স্বজন ও এলাকাবাসীর প্রতিবাদ

মানিকগন্জ জেলা প্রতিনিধি

রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ও বিবিএ শিক্ষার্থী রিদোয়ান আনসারী (২৫) নিখোঁজ হওয়ার দীর্ঘ নয় দিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করতে পারেনি। এই ব্যর্থতায় তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার সর্বস্তরের মানুষ। স্বজনদের আকুল আকুতি, মায়ের বুকফাটা কান্না এবং এলাকাবাসীর ক্ষোভের আগুনে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকা। প্রিয় সন্তানকে দ্রুত ও অক্ষত অবস্থায় ফেরত পাওয়ার আকুল দাবিতে সোমবার দুপুরে সেখানে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া রিদোয়ানের স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর কান্নায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং স্পষ্ট জানিয়ে দেন, অবিলম্বে রিদোয়ানকে উদ্ধার করতে না পারলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। নিখোঁজ তরুণের সন্ধান পেতে আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং প্রশাসনের শীর্ষ পর্যায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন মানববন্ধনে অংশ নেওয়া সর্বস্তরের মানুষ।

এই প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বুড়ো অব সোশ্যাল ওয়াজের প্রেসিডেন্ট নুর ইসলাম সত্তার, এনপিআই ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ড. প্রকৌশলী মো. ফারুক হোসেন এবং নিখোঁজের চাচা আব্দুল হান্নান আনসারী। এছাড়াও স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এই মানববন্ধনে অংশ নিয়ে ঘটনার দ্রুত সুষ্ঠু তদন্ত ও ভুক্তভোগীকে উদ্ধারের জোর দাবি জানান।

পারিবারিক সূত্র জানায়, মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের প্রয়াত আব্দুল মান্নান আনসারীর ছোট ছেলে রিদোয়ান আনসারী। পড়াশোনার পাশাপাশি তিনি পরিবারের সাথে ঢাকার নিউ ইস্কাটন এলাকায় বসবাস করতেন এবং একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। গত ২৪ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বড় বোনের বাসা থেকে মগবাজারের উদ্দেশ্যে রওনা হন রিদোয়ান। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই শাহরিয়ার আনসারীর সাথে তাঁর শেষ কথা হয়। এরপর থেকেই রিদোয়ানের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য সব স্থানে খুঁজেও স্বজনেরা তাঁর কোনো সন্ধান পাননি।

ঘটনার পরদিন ২৫ অক্টোবর ভোরে একটি অপরিচিত নম্বর থেকে নিখোঁজ রিদোয়ানের ভাইয়ের মোবাইলে ফোন আসে। অপহরণকারীরা রিদোয়ানকে জিম্মি রাখার কথা জানিয়ে কয়েক সেকেন্ডের জন্য স্বজনদের সাথে কথা বলিয়ে দেয় এবং ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃত তরুণের জীবন বাঁচাতে স্বজনেরা বাধ্য হয়ে অপহরণকারীদের দেওয়া বিভিন্ন বিকাশ ও নগদ অ্যাকাউন্টে দফায় দফায় মোট ৪০ হাজার টাকা পাঠান। তবে টাকা হস্তান্তরের পর অপরাধীরা প্রতিশ্রুতি না রেখে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

পরবর্তীতে ভুক্তভোগীর খালাতো ভাই ফয়সল মাহমুদ ২৫ অক্টোবর কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। পাশাপাশি বিষয়টি দ্রুত তদন্ত ও উদ্ধারের জন্য খিলগাঁও র‌্যাব-৩ এর কোম্পানি কমান্ডার বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। তবে আইনি প্রক্রিয়া ও লিখিত অভিযোগের এত দিন পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে না পারায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে পরিবারটি।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।