১৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন মোহাম্মদ শামি

ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে সাদা পোশাকে দীর্ঘ ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল এই ডানহাতি পেসারের। শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি।

ভারতের হয়ে ৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন শামি। ২৭.৭১ গড়ে তাঁর ঝুলিতে রয়েছে ২২৯ উইকেট। ছয়বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। ভারতের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তাঁর অবস্থান ১২তম। আর পেসারদের মধ্যে রয়েছেন ষষ্ঠ স্থানে।

ইনস্টাগ্রামে দেওয়া অবসরের ঘোষণায় শামি লিখেছেন, ‘আজ ভারাক্রান্ত হৃদয় ও অসংখ্য সুন্দর স্মৃতি নিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি। এই যাত্রায় পাশে থাকা প্রতিটি সতীর্থ, কোচ, পরিবারের সদস্য এবং কোটি কোটি ভারতীয়কে ধন্যবাদ। ভালো ও কঠিন সময়ে যারা আমাকে সমর্থন করেছেন এবং আমার ওপর আস্থা রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ।’

ক্যারিয়ারের শুরু এবং শেষের ঘোষণার জন্য একই তারিখ বেছে নেওয়াটা শামির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১৩ সালের ৬ নভেম্বর কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। অভিষেক ম্যাচেই বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই পেসার। দুই ইনিংস মিলিয়ে ১১৮ রান খরচায় নেন ৯ উইকেট। এখন পর্যন্ত সেটিই তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স।

১৩ বছরের ক্যারিয়ারে শামি ভারতের বোলিং আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন। বিশেষ করে রিভার্স সুইংয়ে তাঁর দক্ষতা ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করত। উপমহাদেশের পরিচিত কন্ডিশনের বাইরে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দেশেও নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন তিনি। তাঁর ছয়টি পাঁচ উইকেট পাওয়ার কৃতিত্বের চারটিই এসেছে এই দুই দেশের মাটিতে। নতুন বলে আক্রমণাত্মক বোলিংয়ের পাশাপাশি পুরোনো বলে নিয়ন্ত্রিত সুইং ও ধারাবাহিক লাইন-লেন্থ বজায় রাখার দক্ষতাও তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে।

টেস্ট ক্রিকেটে শামির শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। লন্ডনের ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে হারের মধ্য দিয়ে শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয় ভারতের। এরপর আর সাদা পোশাকে মাঠে নামা হয়নি তাঁর।

তবে শামির আন্তর্জাতিক ক্যারিয়ারে চোট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একাধিকবার। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। এরপর হাঁটুর সমস্যাও দীর্ঘ সময় মাঠের বাইরে রাখে এই পেসারকে। ফলে জাতীয় দলে নিয়মিত হওয়ার পথে বারবার বাধার মুখে পড়তে হয়েছে তাঁকে।

২০২৫ সালের জানুয়ারিতে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফেরেন শামি। পরে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দলেও জায়গা পান তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের পর থেকে অবশ্য ভারতের হয়ে আর কোনো সংস্করণে খেলেননি এই অভিজ্ঞ পেসার। জাতীয় দলের বাইরে থাকলেও ক্রিকেট থেকে দূরে সরে যাননি। আইপিএলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। চলতি ঘরোয়া মৌসুমে রঞ্জি ট্রফিতে তিনটি ম্যাচ খেলেছেন। জায়গা পেয়েছেন সৈয়দ মুশতাক আলী ট্রফির দলেও।

টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর বার্তায় নিজের আবেগ ও দীর্ঘ পথচলার স্মৃতিও তুলে ধরেছেন শামি। তিনি লিখেছেন, ‘সাদা পোশাককে বিদায় জানাচ্ছি, তবে এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে নয়। প্রথমবার ভারতের টেস্ট জার্সি গায়ে তোলার সময় আমার একটাই স্বপ্ন ছিল, দেশের জন্য কিছু করা। এরপর প্রতিটি উইকেট, প্রতিটি লড়াই, চোট এবং প্রতিটি প্রত্যাবর্তন আমাকে কিছু না কিছু শিখিয়েছে। টেস্ট ক্রিকেট আমার কাছে শুধু একটি সংস্করণ নয়, জীবনের খুব বিশেষ একটি অংশ।’

নিজের বক্তব্যের শেষাংশে ভারতের হয়ে খেলার গর্বের কথা উল্লেখ করে শামি বলেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আজ এই সিদ্ধান্ত নিচ্ছি। টেস্টে শেষ বলটি করে ফেললেও হৃদয়ে সব সময় ভারতের হয়ে খেলার গর্ব বয়ে বেড়াব। ধন্যবাদ, টেস্ট ক্রিকেট।’

৬৪ ম্যাচে ২২৯ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেও শামির সামনে ক্রিকেটের অন্য সংস্করণ ও ঘরোয়া অঙ্গনে খেলার সুযোগ রয়েছে। তাঁর অবসরের মধ্য দিয়ে ভারতীয় টেস্ট ক্রিকেট হারাল দীর্ঘদিনের এক নির্ভরযোগ্য পেসারকে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।