খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শেষ হয়েছে এবারের অমর একুশে বইমেলা। শেষ হওয়ার চারদিন পর এবারের বই মেলায় মোট বই বিক্রির পরিমাণ আনুমানিক ৪০ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছে বাংলা একাডেমি। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় বাংলা একাডেমির ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট দিয়ে বই বিক্রির এ হিসাব দেওয়া হয়।
বাংলা একাডেমির দেওয়া তথ্য অনুযায়ী, এবারের বইমেলায় নতুন বই এসেছে মোট তিন হাজার ২৯৯টি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠানটির দেওয়া এক পোস্টে জানা যায়, অমর একুশে বইমেলায় এবার অংশ নেয়া ৭০৩টির মধ্যে ৩৫১টি প্রকাশনীর বই বিক্রির হিসাব পেয়েছে বাংলা একাডেমি। তাদের বিক্রির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। তবে বাকি প্রকাশনীগুলোর বই বিক্রিসহ মোট পরিমাণ আনুমানিক ৪০ কোটি টাকা হতে পারে বলে মনে করছে বাংলা একাডেমি।
এদিকে, একাডেমি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় মোট বই বিক্রির পরিমাণ নিয়ে কিছু বিভ্রান্তি পরিলক্ষিত হয়েছে। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সমাপনী অনুষ্ঠানে প্রদত্ত প্রতিবেদনে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমির নিজস্ব বিক্রির পরিমাণ প্রায় ৬১ লাখ বলে জানিয়েছিলেন। কিন্তু অনেকেই সে সংখ্যাকে মেলার মোট বিক্রির পরিমাণ ধরে নিয়ে ইচ্ছাকৃতভাবে বা অসচেতনভাবে বিভ্রান্তি ছড়িয়েছেন।
বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এবার মেলা শেষে বাংলা একাডেমির মোট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭৬ হাজার ৩৯৩ টাকা। তবে মেলায় আগের বছরগুলোর এবং এ বছরের বই বিক্রির হিসাব মূলত প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে করা আনুমানিক হিসাব।
খবরওয়ালা/টিএ