ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ার পর এবার অভিনয় ও টেলিভিশন প্রযোজনায় নাম লেখাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ খবর জানিয়েছেন ৪১ বছর বয়সী এই ফুটবলার। খেলাধুলার বাইরে বিনোদনজগতে নিজের অবস্থান তৈরি করার ক্ষেত্রে এটি তাঁর নতুন উদ্যোগ।
ফুটবলনির্ভর ড্রামা সিরিজটি নির্মাণের জন্য ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক ম্যাথু ভনের সঙ্গে জুটি বেঁধেছেন রোনালদো। যৌথভাবে তাঁরা প্রতিষ্ঠা করেছেন ‘ইউআর মার্ভ স্টুডিওস’। সিরিজটিতে নিজের চরিত্রেই অভিনয় করবেন রোনালদো। তাঁর সঙ্গে আরও থাকছেন ফরাসি ফুটবল কিংবদন্তি থিয়েরি অঁরি, ব্রিটিশ অভিনেতা ডামিয়ান লুইস এবং ব্রিটিশ র্যাপার ডেভ।
সিরিজটির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন রোনালদো। ইনস্টাগ্রামে নিজের ৬৮ কোটি ১০ লাখ অনুসারীর উদ্দেশে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘রোমাঞ্চকর খবর! আমার প্রথম টিভি শো ডে ওয়ানসের নির্মাণকাজ সবে শুরু হলো। সামনে আরও চমক আসছে!’
ঘোষণার সঙ্গে বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি। এর মধ্যে একটি ছবিতে অভিনেতা ডামিয়ান লুইসের সঙ্গে দেখা গেছে ব্রিটিশ র্যাপার ডেভকে। তিনিও সিরিজটির অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন। ফলে ফুটবল, চলচ্চিত্র ও সংগীতজগতের পরিচিত মুখদের একসঙ্গে দেখা যাবে এই আয়োজনে।
পর্তুগালের সংবাদমাধ্যম এ বোয়ার তথ্য অনুযায়ী, ‘ডে ওয়ানস’ নির্মাণের অনুমোদন দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাস। প্রযোজনা প্রতিষ্ঠান স্কাইড্যান্সের সঙ্গে একীভূত হওয়ার পর প্ল্যাটফর্মটির উল্লেখযোগ্য প্রকল্পগুলোর একটি হতে যাচ্ছে সিরিজটি। আন্তর্জাতিক বিনোদনজগতে রোনালদোর প্রবেশের কারণে শুরু থেকেই এটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, ১০ পর্বের এই সিরিজের গল্প আবর্তিত হবে একজন প্রতিভাবান ফুটবলারের জীবনকে ঘিরে। তাঁর স্বপ্ন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডের হয়ে খেলা। একপর্যায়ে সেই স্বপ্ন পূরণও হয়। তবে গল্পটি শুধু একজন ফুটবলারের পেশাগত সাফল্য কিংবা খ্যাতি অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
কেন্দ্রীয় চরিত্রটির জীবনে খ্যাতি, অর্থ ও সাফল্য আসার আগেই যেসব বন্ধু তাঁর পাশে ছিলেন, তাঁদের সঙ্গে সম্পর্ক এবং বন্ধুত্বের প্রতি তাঁর দায়বদ্ধতা গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। পেশাদার ফুটবলের প্রতিযোগিতামূলক পরিবেশে সাফল্য অর্জনের পাশাপাশি পুরোনো সম্পর্ক ধরে রাখার বিষয়টিও তুলে ধরা হবে সিরিজটিতে। এর মাধ্যমে ফুটবলজীবনের বাইরের ব্যক্তিগত অভিজ্ঞতা ও সম্পর্কের গল্প দর্শকদের সামনে আসবে।
সিরিজটির মূল ভাবনা এসেছে প্রযোজক ড্যারেন ডেইনের কাছ থেকে। প্রথম পর্ব পরিচালনা করবেন ম্যাথু ভন। আর ‘বোরাত’ সিনেমার জন্য পরিচিত বাফটা পুরস্কারজয়ী নির্মাতা ড্যান মেজার দায়িত্ব পালন করবেন প্রোডাকশন ডিরেক্টর হিসেবে।
‘কিংসম্যান’ ফ্র্যাঞ্চাইজি, ‘স্টারডাস্ট’ ও ‘লেয়ার কেক’-এর মতো সিনেমা পরিচালনা করে পরিচিতি পাওয়া ম্যাথু ভন রোনালদোর সঙ্গে এই যৌথ উদ্যোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর মতে, নতুন প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর জন্য ‘ডে ওয়ানস’ সবচেয়ে উপযুক্ত প্রকল্প। রোনালদোকে বন্ধু ও ব্যবসায়িক অংশীদার হিসেবে পেয়ে সম্মানিত বোধ করছেন বলেও জানিয়েছেন তিনি।
ভনের বিশ্বাস, ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়া রোনালদো চলচ্চিত্র ও টেলিভিশন জগতেও নিজের দক্ষতার স্বাক্ষর রাখতে পারবেন। তাঁর ভাষায়, ফুটবলে রেকর্ড ভাঙার অভিজ্ঞতা থাকা এই তারকা বিনোদনজগতেও একই ধরনের সাফল্য অর্জন করতে পারেন।
অন্যদিকে, সিরিজটির সঙ্গে নিজের দীর্ঘদিনের আবেগের সম্পর্কের কথা জানিয়েছেন রোনালদো। তিনি বলেন, তাঁর পুরো জীবনই ফুটবলকে ঘিরে। তবে মাঠের বাইরেও খেলাটিকে কেন্দ্র করে অসাধারণ অনেক গল্প তৈরি হয়। প্রযোজক হিসেবে ফুটবলের এমন একটি ভিন্ন দিক পর্দায় তুলে ধরতে পেরে তিনি গর্বিত।
রোনালদোর আশা, ‘ডে ওয়ানস’ শুধু ফুটবলপ্রেমীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং সব ধরনের দর্শকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠবে। ম্যাথু ভনের সঙ্গে বিনোদনজগতে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা এবং থিয়েরি অঁরির মতো একজন কিংবদন্তি ফুটবলারকে একই প্রকল্পে পাশে পাওয়াকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন তিনি।
ফুটবল ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে অসংখ্য সাফল্য অর্জন করেছেন রোনালদো। মাঠের বাইরেও ব্যবসা, বিনিয়োগ ও বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এবার অভিনয় ও প্রযোজনায় যুক্ত হয়ে নিজের কর্মপরিধি আরও বাড়ানোর চেষ্টা করছেন এই পর্তুগিজ তারকা। ‘ডে ওয়ানস’ তাঁর সেই নতুন যাত্রার প্রথম বড় পদক্ষেপ।


