স্বেচ্ছাসেবক দল কর্মীকে হত্যাচেষ্টা মামলায় আইনজীবী রুদ্র কারাগারে

২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. বেল্লালকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ ওরফে রুদ্রকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর আগে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন দলবল নিয়ে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাঁকে আটক করে পল্টন থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামি মহিউদ্দিন আহমেদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে, আসামিপক্ষে আইনজীবী মো. আতাউর রহমান খান রুকুসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক ও শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশের পক্ষ থেকে আদালতে দেওয়া আবেদনে মহিউদ্দিন আহমেদকে আইন সহায়ক পরিষদের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তিনি ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন বলেও ওই আবেদনে তথ্য দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ব্যানারে প্রায় ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে হোটেল ৭১-এর সামনে দিয়ে পল্টনের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন। মিছিলটির নেতৃত্বে ছিলেন মামলার বাদী মো. বেল্লাল। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলকারীদের গতিরোধ করেন এবং একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালান।

এজাহারের বিবরণ অনুযায়ী, ওই সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেলের মধ্যে পড়ে টিয়ারশেলের ধোঁয়ায় আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বেল্লাল। ঠিক সেই মুহূর্তে হামলাকারীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে মো. বেল্লাল ২০২৫ সালের ৮ মে পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১০০ থেকে ১৫০ জনকে। তদন্তের ধারাবাহিকতায় এই মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ ওরফে রুদ্রকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আসামিকে কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক তদন্ত ও রুদ্রর ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য যাচাই-বাছাই করে জানা গেছে, তিনি দেশকে অস্থিতিশীল করতে নাশকতা, হরতাল কর্মসূচি, ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ ও বিভিন্ন দেশবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। হোয়াটসঅ্যাপ ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথাও আবেদনে তুলে ধরা হয়।

তদন্ত কর্মকর্তার আশঙ্কা, এই পর্যায়ে আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হতে পারেন, যা মামলার তদন্ত কার্যক্রমকে ব্যাহত করবে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থেই তাঁকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন বলে পুলিশের আবেদনে জোর দেওয়া হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।