ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে সড়কে গাছ ফেলে একটি অ্যাম্বুলেন্সের গতিরোধ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাত দলের কবলে পড়ে চরম আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সের ভেতরেই সন্তান প্রসব করেন এক প্রসূতি। তবে জন্মের পরপরই নবজাতকটির মৃত্যু হয়। অস্ত্রের মুখে জিম্মি করে ভুক্তভোগী পরিবারটির কাছ থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার গান্না-নীমতলা সড়কের সিংদহ গ্রাম এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারটি চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা আবদুল্লা আল নোমানের। পেশায় তিনি একটি অনলাইন সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদক।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্তানসম্ভবা স্ত্রীর জরুরি চিকিৎসার প্রয়োজনে পরিবারের আরও তিন সদস্যকে সঙ্গে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে চুয়াডাঙ্গা থেকে যশোরের উদ্দেশে রওনা হয়েছিলেন আবদুল্লা আল নোমান। গভীর রাতে নির্জন গ্রামীণ সড়ক ধরে অ্যাম্বুলেন্সটি কালীগঞ্জের সিংদহ গ্রামে পৌঁছালে হঠাৎই বিপদের মুখে পড়ে। রাস্তার পাশের গাছ কেটে সড়কের ওপর ফেলে রেখে আগে থেকেই ওত পেতে ছিল ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র মুখোশধারী ডাকাত দল। গাছের বাধায় অ্যাম্বুলেন্সটি থামতে বাধ্য হলে ডাকাতেরা গাড়িটি ঘিরে ফেলে। এরপর ভেতরে থাকা নোমান, তাঁর মা এবং শাশুড়ির কাছ থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা।
রাতের অন্ধকারে মুখোশধারী দুর্বৃত্তদের এমন আকস্মিক হানায় অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী নারী প্রচণ্ড ভয় পেয়ে যান। তীব্র মানসিক আতঙ্ক ও শারীরিক ধকলে অ্যাম্বুলেন্সের ভেতরেই তাঁর প্রসববেদনা শুরু হয় এবং সেখানেই তিনি সন্তান প্রসব করেন। কিন্তু প্রতিকূল পরিস্থিতি ও তাৎক্ষণিক চিকিৎসার অভাবে নবজাতকটিকে আর বাঁচানো সম্ভব হয়নি। ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করার পর পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সাহায্য চান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে একই স্থানে সড়কে গাছ ফেলে একটি পণ্যবাহী ট্রাকেও ডাকাতি চালিয়েছে ওই চক্রটি। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া ঝিনাইদহ সদর উপজেলার বেতাই চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হাসান আলী জানান, রাতের খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার বিস্তারিত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের টহল দল দ্রুত সিংদহ এলাকার ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে গিয়ে দেখা যায়, সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। ওই স্থানে একটি ট্রাক এবং একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে এবং দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। ওসি আরও উল্লেখ করেন, অ্যাম্বুলেন্সটিতে একজন গর্ভবতী রোগী ছিলেন এবং সে সময় তাঁর প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর তাৎক্ষণিক মুহূর্তে নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনাটি সত্য এবং প্রসূতির নবজাতক শিশুটি মারা গেছে বলেও তিনি জেনেছেন। পুরো বিষয়টি জেলা পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। ইতোমধ্যে অপরাধীদের ধরতে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল মাঠে নেমে কাজ শুরু করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়ে পুলিশ সুপার আশ্বাস দেন, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে সব ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে।


