শ্রেয়ার সঙ্গে মঞ্চ মাতালেন বাদশা ও শ্রদ্ধা

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের ‘আনস্টপেবল ইন্ডিয়া ট্যুর’-এর শুরুতেই মিলল একের পর এক চমক। বেঙ্গালুরুর উদ্বোধনী কনসার্টে তাঁর সঙ্গে মঞ্চ ভাগাভাগি করেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও সংগীতশিল্পী বাদশা। দুই তারকার আকস্মিক উপস্থিতি এবং শ্রেয়ার সঙ্গে তাঁদের পরিবেশনা দর্শকদের জন্য সন্ধ্যাটিকে স্মরণীয় করে তোলে।

গত ২২ নভেম্বর বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় অবস্থিত এয়ারটেল অ্যারেনায় অনুষ্ঠিত হয় এই সংগীত সফরের প্রথম কনসার্ট। এর আগে ভেন্যুটি ডিস্ট্রিক্ট অ্যারেনা অ্যাট টেরাফর্ম নামে পরিচিত ছিল। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ভারতের ১৪টি শহর ঘুরে শ্রেয়ার এই সংগীত সফর চলবে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত। দীর্ঘ এই আয়োজনের মাধ্যমে বিভিন্ন শহরের শ্রোতাদের সরাসরি তাঁর গান শোনার সুযোগ তৈরি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাদশার সঙ্গে শ্রেয়ার যৌথ পরিবেশনা। মঞ্চে বাদশাকে পরিচয় করিয়ে দিতে গিয়ে শ্রেয়া তাঁকে ভাইয়ের সঙ্গে তুলনা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পরিচয় খুব বেশি দিনের না হলেও তাঁদের সম্পর্ক যেন অনেক পুরোনো। এ সময় ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে তাঁদের প্রথম পরিচয়ের স্মৃতিও দর্শকদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

শ্রেয়ার কথার উত্তরে বাদশা জানান, তিনি শুধু তাঁকে মঞ্চে জায়গা দেননি, সংগীতজগতেও বিশেষ স্বীকৃতি দিয়েছেন। এরপর দুজন একসঙ্গে পরিবেশন করেন ‘মাহিয়া’ গানটি। গত ৪ নভেম্বর প্রকাশিত এই গানটি শ্রেয়া ও বাদশার প্রথম স্টুডিও দ্বৈত সংগীত। নতুন এই গানের সরাসরি পরিবেশনা উপভোগ করে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকেরা।

কনসার্টে দ্বিতীয় বড় চমক হয়ে হাজির হন শ্রদ্ধা কাপুর। শ্রেয়ার কণ্ঠে শ্রদ্ধার আসন্ন সিনেমা ‘ইথা’র ‘জি জি রে জি’ গানটি পরিবেশিত হচ্ছিল। ঠিক সেই সময় মঞ্চে উপস্থিত হন অভিনেত্রী। পরে গানের তালে নাচেও অংশ নেন তিনি। প্রিয় অভিনেত্রীকে সরাসরি মঞ্চে দেখে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

এরপর শ্রেয়া ও দর্শকদের অনুরোধে শ্রদ্ধা পরিবেশন করেন তাঁর অভিনীত জনপ্রিয় সিনেমা ‘আশিকি ২’-এর গান ‘সুন রাহা হ্যায় না তু’। ২০১৩ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে আরোহী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। গানটির সঙ্গে শ্রদ্ধার সেই চরিত্রের স্মৃতি জড়িয়ে থাকায় দর্শকদের একাংশ তাঁকে ‘আরোহী’ বলে সম্বোধন করেন। সিনেমাটির জনপ্রিয় গানটি নতুন করে মঞ্চে উপস্থাপনের মধ্য দিয়ে পুরোনো স্মৃতিও ফিরে আসে দর্শকদের মনে।

এদিনের আয়োজনের আরেকটি বিশেষ মুহূর্ত ছিল বাদশার জন্মদিন উদ্‌যাপন। জন্মদিনের পরপরই তাঁকে শুভেচ্ছা জানাতে দর্শকদের সঙ্গে নিয়ে বিশেষ সংগীতে অংশ নেন শ্রেয়া। পুরো আয়োজনের মধ্যে এই ছোট্ট উদ্‌যাপনও বাড়তি আনন্দ যোগ করে।

বেঙ্গালুরুর পর শ্রেয়ার পরবর্তী গন্তব্য আসাম। আগামী ১৯ ডিসেম্বর গুয়াহাটির বারসাপারায় অবস্থিত এসিএ স্টেডিয়ামে তাঁর পরবর্তী কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ২৬ ডিসেম্বর কলকাতার অ্যাকুয়াটিকা গ্রাউন্ডে সংগীত পরিবেশন করবেন তিনি। সফরের শেষ আয়োজন হওয়ার কথা ২০২৭ সালের ৩ এপ্রিল ইন্দোরে।

শ্রেয়া ঘোষাল দীর্ঘদিন ধরেই ভারতের সংগীতাঙ্গনের পরিচিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন। হিন্দি সিনেমার অসংখ্য জনপ্রিয় গানের পাশাপাশি বিভিন্ন ভাষায় গান গেয়েও শ্রোতাদের কাছে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তাঁর কণ্ঠের বৈচিত্র্য এবং আবেগনির্ভর পরিবেশনা বিভিন্ন প্রজন্মের শ্রোতাদের আকৃষ্ট করে আসছে।

এবারের সফরে শ্রেয়ার একক পরিবেশনার পাশাপাশি অন্য শিল্পী ও বিনোদনজগতের তারকাদের সঙ্গে মঞ্চ ভাগাভাগির বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। বেঙ্গালুরুর প্রথম কনসার্টে বাদশা ও শ্রদ্ধার উপস্থিতি সেই আয়োজনকে বাড়তি মাত্রা দিয়েছে। বাকি শহরগুলোতে তাঁর পরিবেশনা ঘিরেও ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।