টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম

আগামী ফেব্রুয়ারিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল প্রথম এই তথ্য জানান। পরবর্তীতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় অবসরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এই তারকা ব্যাটার।
নিজের ফেসবুক পোস্টে ৩৯ বছর বয়সি এই ক্রিকেটার দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মৃতিচারণ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে মুশফিকুর রহিম এক উজ্জ্বল নক্ষত্র। এখন পর্যন্ত দেশের হয়ে ১০৮টি টেস্ট ম্যাচ খেলে ৭ হাজারেরও বেশি রান সংগ্রহ করেছেন এই নির্ভরযোগ্য ডানহাতি ব্যাটার। দীর্ঘ এই পথচলায় যারা ছায়ার মতো পাশে ছিলেন, তাদের সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পরিবারের সদস্যদের পাশাপাশি নিজের শৈশবের শিক্ষক, কোচ, জাতীয় দলের সতীর্থ, বন্ধু এবং অগণিত ভক্ত-সমর্থকদের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেছেন মুশফিক।
মিরপুরের হোম অব ক্রিকেটের সঙ্গে মুশফিকের সম্পর্কটা বরাবরই বিশেষ। এই মাঠেই তার ক্যারিয়ারের অসংখ্য স্মরণীয় ইনিংস ও ঐতিহাসিক জয়ের গল্প রচিত হয়েছে। সেই প্রিয় আঙিনা থেকেই ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভক্তদের ভালোবাসার কথা উল্লেখ করে মুশফিক তার বার্তায় আরও লেখেন, ‘প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’ তার এই ঘোষণার পর থেকেই দেশের ক্রিকেটাঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থ ও সমর্থকরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।