পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন বাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সহিংসতায় পুরো এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ১১টার দিকেও বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে ঘটনার সূত্রপাত হয়। প্রথমে বিএনপির নেতাকর্মীরা এলাকায় একটি মিছিল বের করেন। এর পরপরই আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা দ্রুতই রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। কয়েক দফা সংঘর্ষের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে চরবেষ্টিন বাজারের নিয়ন্ত্রণ নেন এবং সেখানে মশাল মিছিল করেন।
সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বাজার এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। অন্ধকারের মধ্যে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করায় পুলিশ সদস্যরাও তাৎক্ষণিকভাবে বাজারের ভেতরে প্রবেশ করতে পারছিলেন না।
এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রতিপক্ষের হামলায় তাদের অন্তত ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মুন্সি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নারী ও পুরুষ নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুরো এলাকা দখলে রেখেছেন। সেখানে পুলিশও ঢুকতে পারছে না এবং তাদের বেশ কয়েকজন নেতাকর্মী এলাকায় অবরুদ্ধ হয়ে পড়েছেন। তিনি আরও দাবি করেন, হামলার সময় বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। এ ছাড়া চরমোন্তাজ তদন্তকেন্দ্রে পুলিশের জনবল কম থাকায় পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিমশিম খাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
সংঘর্ষের বিষয়ে চরমোন্তাজ তদন্তকেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলেই অবস্থান করছে। কিন্তু বিদ্যুৎ না থাকায় ঘুটঘুটে অন্ধকার এবং চারদিক থেকে ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশ সদস্যরা সামনে এগোতে পারছেন না। তিনি নিশ্চিত করেন যে, প্রথমে বিএনপির শোডাউন এবং পরবর্তীতে আওয়ামী লীগের পাল্টা শোডাউন থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
অন্যদিকে, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানান, বর্তমানে বিবদমান দুই পক্ষ বাজারের দুই প্রান্তে অবস্থান নিয়ে আছে এবং কেউই এলাকা ছাড়ছে না। পরিস্থিতি শান্ত রাখতে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।


