গুলশানে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, চট্টগ্রামে নওফেলের ভগ্নিপতি আটক

রাজধানীর গুলশান এলাকা থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২-এর ১১৩ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে হেফাজতে নেওয়া হয়। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, স্বপন ভট্টাচার্য যশোর-৫ (মণিরামপুর) আসন থেকে দুবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে তিনি আলোচনায় আসেন। পরবর্তী সময়ে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং এলজিআরডি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
একই রাতে বন্দরনগরী চট্টগ্রামে পৃথক অভিযানে আটক হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি। রোববার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে খুলশী থানা-পুলিশ তাঁকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চিটাগং সিনিয়রস ক্লাব লিমিটেড’-এ পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। পেশাগত জীবনে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি ডা. সেলিম আকতার চৌধুরী ওই ক্লাবটির নির্বাচিত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ক্লাবটিতে অভিযানের ধারাবাহিকতায় রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ খুলশীর বাসা থেকে তাঁকে আটক করা হয়।
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ডা. সেলিম আকতার চৌধুরীকে আটক করা হয়েছে। বর্তমানে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা আগের মামলা ও অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে এবং কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।