খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
এ বছর দেশে নির্বাচন হওয়া সম্ভব নয়। কারণ নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও জনগণের পুরোপুরি নিরাপত্তা অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ এ কথা বলেন।
তিনি বলেন, ‘গত সাত মাসে, আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়েছে। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বর্তমান আইন-শাসনের পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায়, আমি মনে করি না এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।’
গত বছর গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের কথা বলেছেন। কিন্তু সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানালেন ভিন্ন কথা।
তবে নির্বাচন যখনই হয় তখনই এনসিপি সেটিতে অংশ নিতে প্রস্তুত আছেন বলে জানান নাহিদ। কিন্তু নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্রে’ সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। নাহিদ বলেন, ‘যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারব। কিন্তু যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতে হবে।’
তাঁর দল গঠনের জন্য সমাজের বিত্তশালীরা অর্থায়ন করছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা শিগগির নতুন অফিসের জন্য ক্রাউডফান্ডিং শুরু করবো এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠন করবো।’
খবরওয়ালা/আরডি