খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ ২০২৫
হিজবুত তাহরীর একটি নিষিদ্ধ সংগঠন, তাদের সকল কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (৭ মার্চ) এক বার্তায় এ কথা জানানো হয়।
পুলিশ সদরদপ্তরের বার্তায় বলা হয়, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
এদিকে পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিযবুত তাহরীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
এদিকে আজ শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ নামে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছে হিযবুত তাহরীরের কিছু সদস্য। তারা অনুষ্ঠান সফল করতে বায়তুল মোকাররম এলাকায় জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছে।
৬ মার্চ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ কোনো সংগঠন সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় সরকার ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে সংগঠনটির যেকোনো কার্যক্রম বেআইনি হিসেবে বিবেচিত হচ্ছে। নিষিদ্ধ সংগঠনগুলোর যেকোনো প্রচারণামূলক কার্যক্রম কঠোর নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন হলে তা দমনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
খবরওয়ালা/জেআর