ইমাম নিয়োগ দ্বন্দ্বে জাতীয় পতাকার অবমাননা!

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মসজিদের ইমামকে অব্যাহতি দেওয়ায় জাতীয় পতাকার স্ট্যান্ডে জুতা ঝুলিয়ে প্রতিবাদ করে ইমাম মারুফ বিল্লাহর অনুসারীরা। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর ক্যাম্পাসের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার ২৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

কলেজের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ভিক্টোরিয়া কলেজ জামে মসজিদের ইমাম রাখাকে কেন্দ্র করে গত দুই মাস ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। আগের ইমাম মারুফ বিল্লাহকে অপসারণ করায় আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলেন কলেজ এলাকার স্থানীয় গণ্যমান্য লোকজন।

তারা বলেন, স্থানীয়দের সঙ্গে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বিরোধ কখনও কাম্য নয়। এসময় তারা নতুন ইমাম নিয়োগের দাবি করেন।

এদিকে নামাজের পর ৮-১০ জন যুবক কলেজের প্রশাসনিক ভবনের সামনে থাকা জাতীয় পতাকার তিনটি খুঁটির মাঝেরটিতে বিভিন্ন অশ্লীল স্লোগান দিয়ে জুতা ঝুলিয়ে দেন। এরপর এ ঘটনার ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে জেলাজুড়ে সমালোচনা চলছে।

এ বিষয়ে মসজিদের অপসারিত ইমাম মারুফ বিল্লাহ বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমি মসজিদেও ছিলাম না। কলেজ প্রশাসন আমাকে অব্যাহতি দিয়েছে। আমি কলেজ থেকে চলে এসেছি। সেখানে এই ঘটনা কারা ঘটিয়েছে, আমি কিছুই জানি না।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা বলেন, জাতীয় পতাকার খুঁটিতে জুতা উত্তোলন রাষ্ট্রদ্রোহী অপরাধ। এই কাজ কখনও গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে আমরা দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করব।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি, এখনো পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কোন অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।