বাংলাদেশ-কুয়েত অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি

বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের ওপর জোর দিয়ে কূটনৈতিক, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন কুয়েত ও বাংলাদেশ। রবিবার (৯ মার্চ) দুপুরে ঢাকায় নিযুক্ত কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওহাব হামাদাহ ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠককালে তারা এসব প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দৃঢ় ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বৃহত্তর সহযোগিতার ওপর জোর দেন। 

অধ্যাপক ইউনূস বলেন, কুয়েত ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু। এখানে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে এবং হালাল খাদ্য অন্বেষণের জন্য একটি দুর্দান্ত ক্ষেত্র হতে পারে। হালাল খাবারের বৈশ্বিক বাজার বিশাল। আমি আপনাকে এই উদ্যোগে তরুণদের অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করছি।

এসময় প্রধান উপদেষ্টা কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) বিনিয়োগের পাশাপাশি ৭-৯ এপ্রিল ঢাকায় আসন্ন বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা বলেন, শীর্ষ সম্মেলনে কুয়েত থেকে বিনিয়োগকারীদের আমাদের দেশে আনুন। এটি উভয় দেশের জন্য একটি বড় সুযোগ হবে।

বৈঠকে কুয়েতের রাষ্ট্রদূত হামাদাহ দেশটির প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ এবং কুয়েতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। তিনি বলেন, আমরাও বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য আগ্রহী। 
উভয়পক্ষ বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কুয়েত থেকে অপরিশোধিত তেল আমদানি সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন।

প্রধান উপদেষ্টা কুয়েতকে বাংলাদেশে যৌথ উদ্যোগে অপরিশোধিত তেল শোধনাগারে বিনিয়োগের আমন্ত্রণ জানান এবং তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশটিকে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে সহযোগিতার আহ্বান জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টা কুয়েতে বাংলাদেশি কর্মীদের, বিশেষ করে নারী কর্মীদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে জোর দেন।

তিনি দুই দেশের মধ্যে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতার কথাও স্বীকার করেন এবং কুয়েতে কর্মরত বাংলাদেশি সামরিক কর্মীদের পেশাদারিত্বের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা ও কুয়েতের রাষ্ট্রদূত অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরো গভীর করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।