খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫
বাংলাদেশের অভিনয় জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরি। যাকে ঘিরে ভক্তদের আগ্রহেরও যেন কোনো কমতি নেয়। মেহজাবীনও হয়তো ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতেই বেশী ভালোবাসেন। এইতো মাস খানেক আগে ভক্তদের নিজের বিয়ের সুসংবাদ দিয়েছিলেন এই অভিনেত্রী। বিয়ের একমাস না পেরোতেই আবারও সুখবর দিলেন মেহজাবীন। ভারতের বেঙ্গালুরুতে পুরস্কৃত হয়েছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’।
রবিবার (৯ মার্চ) রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে সুখবর ভাগ করে নেন মেহজাবীন। দিন চারেক আগেই জাপানের ২০তম ওসাকা এশিয়ান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় সাবা। সেই খুশির রেশ কাটতে না কাটতেই সিনেমাটি পেল পুরষ্কার।
তিনি জানান, তার অভিনীত সিনেমা ‘সাবা’ ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে। এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে নির্মাতা মাকসুদ হোসেনের বাংলাদেশি সিনেমা ‘সাবা’। এ খবর প্রথম প্রকাশ করে ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পেজ।

গত ১ মার্চ শুরু হয়েছিল ১৬তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত শনিবার নেমেছে উৎসবটির পর্দা। সমাপনী আয়োজনে ঘোষণা করা হয় পুরস্কৃত ছবিগুলোর নাম। এ আসরে এশিয়ান সিনেমা কম্পিটিশন বিভাগে তৃতীয় হয়েছে ‘সাবা’।
উৎসবটিতে এশিয়ান সিনেমা বিভাগে সেরার পুরস্কার জিতেছে ইরানের ‘ইন দ্য ল্যান্ড অব ব্রাদার্স’। দ্বিতীয় হয়েছে ইসরায়েলের ছবি ‘রিডিং ললিতা ইন তেহরান’। এবারের আসরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেত্রী শাবানা আজমিকে।
উল্লেখ্য, মেহজাবীন অভিনীত প্রথম ছবি ‘সাবা’। টেলিভিশনে দীর্ঘ দেড় দশক অভিনয়ের পর এ ছবির মাধ্যমে সিনেমায় এসেছেন তিনি। অবশ্য দেশের প্রেক্ষাগৃহে এখনো ছবিটি মুক্তি পায়নি। বরং দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ দিয়ে তার অভিষেক হয়েছে।
খবরওয়ালা/টিএ