সোমবার দেশে আসছেন হামজা, থাকছে বাফুফের বিশেষ নিরাপত্তা

বাংলাদেশের ফুটবলে অতীতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কাউকে দেখা যায়নি। তবে ভিন্নভাবে সেই অধ্যায় যোগ করতে যাচ্ছেন হামজা দেওয়ান চৌধুরী।

জামাল ভূঁইয়া, তারিক কাজীর মতো প্রবাসী ফুটবলারদের পর তাদের সঙ্গী হতে যাচ্ছেন হামজা। আগামী সোমবার সিলেট বিমানবন্দরে তিনি নামবেন। হামজার চলাচলের জন্য বাফুফের একটি বিশেষ গাড়ি এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন অফিসিয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্ডারের। বর্তমানে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলারকে বরণ করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সময়ের স্বল্পতার কারণে হামজার জন্য কোনো সংবর্ধনার আয়োজন করা হয়নি। তবে সিলেট আগমনের মুহূর্ত থেকে শুরু করে ঢাকায় আসা এবং পরবর্তীতে ভারতে যাওয়া পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে বাফুফে।

বাফুফের অন্যতম সহসভাপতি ফাহাদ করিম বলেন, ‘তিনি (হামজা) ১৭ তারিখে সিলেট বিমানবন্দরে নামবেন। সেই সময় তাঁকে বরণ করে নেবেন বাফুফের তিন-চারজন নির্বাহী সদস্য। এরপর তিনি চলে যাবেন হবিগঞ্জ। সেখানে যাওয়ার জন্য পরিবহন বাফুফে ব্যবস্থা করেছে। তাঁর জন্য বিশেষ একটি গাড়ি ও সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন অফিসিয়াল দায়িত্বে থাকবেন। প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে।’

বাংলাদেশের ফুটবলে অতীতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কাউকে দেখা যায়নি। আর বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে এত বড় তারকাও নেই। হামজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সর্বত্রই উন্মাদনা বিরাজ করছে। বাফুফে সেই উন্মাদনাকে কাজে লাগাতে চায়। প্রথমে হামজাকে লালগালিচা সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি।

ফাহাদ করিম বলেন, ‘সংবর্ধনা দেওয়ার সুযোগ নেই। তিনি সরাসরি এসে ক্যাম্পে যোগ দেবেন। যদি ১৭ তারিখ সরাসরি কিংবা ১৮ তারিখেও ঢাকায় আসতেন, তাহলে সংবর্ধনা বা অন্য কিছু দেওয়া যেত।’

তবে ২০ মার্চ ভারত যাওয়ার আগে হামজাকে মিডিয়ার সামনে আনার পরিকল্পনা রয়েছে বাফুফের। হবিগঞ্জ থেকে ১৮ তারিখ রাতে কিংবা ১৯ তারিখ সকালে ঢাকায় ফেরার সম্ভাবনা রয়েছে হামজার। এরপর ঢাকার একটি পাঁচতারকা হোটেলে দলীয় ফটোশুট হবে। দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেওয়া হামজা ঢাকায় অনুশীলন করবেন কিনা, তা নির্ভর করছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ওপর।
 

খবরওয়ালা/জেআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।