ইসরায়েলের বর্বরোচিত হামলায় গাজায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জন ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। বুধবার (১৯ মার্চ) হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। যেহেতু ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গাজায় অবস্থিত জাতিসংঘের ভবনে হামলায় বিদেশি এক জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার দুপুরে গাজা যুদ্ধে নিহতের সংখ্যা রেকর্ড করা হয় ৪৮ হাজার ৫৭৭ জন। বুধবার দুপুর পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৯ হাজার ৫৪৭ জনে।

বুধবার প্রকাশিত এএফপিটিভির ফুটেজে দেখা যায়, জাতিসংঘের যানবাহন এবং একটি অ্যাম্বুলেন্সে করে তিন জনকে আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আল-আকসা হাসপাতালের ফুটেজে দেখা গেছে, দু’জন পুরুষের পায়ে আঘাত লেগেছে এবং তৃতীয় একজনের উভয় বাহুতে এবং পেটে ব্যান্ডেজ ও বুকে রক্তের চিহ্ন রয়েছে। আহতদের মধ্যে দু’জনের পরনে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। একজনের পরনে ছিল জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস ‘UNMAS’-এর টি-শার্ট।

ইসরায়েলি তাণ্ডবে বিধ্বস্ত গাজা শহর। ছবি: সংগৃহীত

এছাড়া নুসাইরাত এবং গাজা সিটিতেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সেখানে অন্তত ২৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কায়া কালাস জানিয়েছেন, গাজার পরিস্থিতিকে তিনি ‘অগ্রহণযোগ্য’ হিসেবে ইসরায়েলকে অবহিত করেছেন।

হামাসের কর্মকর্তা তাহের আল-নোনো বলেছেন, ইসরায়েলের নতুন হামলার পরও তারা আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেনি। তবে তিনি জোর দিয়ে বলেন, নতুন কোনো চুক্তির প্রয়োজন নেই, বরং বিদ্যমান সমঝোতাকে সম্মান জানিয়ে বাস্তবায়ন করলেই চলবে।

যুদ্ধ ফের শুরুর প্রতিবাদে হাজার হাজার ইসরায়েলি নাগরিক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের দিকে পদযাত্রা শুরু করেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। দেশটির বিরোধী নেতা ইয়ার লাপিদ আরও বেশি সংখ্যক মানুষকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলের উগ্র-ডানপন্থি নেতা ইতামার বেন-গভিরকে আবারও জাতীয় নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে নেতানিয়াহুর জোট সরকার আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, নতুন হামলা ‘মাত্র শুরু’ হয়েছে এবং যুদ্ধবিরতি আলোচনা এখন ‘গুলির মধ্যেই’ হবে।
এ অবস্থায় গাজায় সহিংসতা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।