খবরওয়ালা আন্তরজাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে ৪৩০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যার পর এবার স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী কেন্দ্রীয় ও দক্ষিণ গাজা উপত্যকায় স্থল অভিযান পুনরায় শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তাদের সেনারা গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তকারী নেটজারিম করিডোর পর্যন্ত অগ্রসর হয়েছে। হামলাকে ‘নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক’ অভিযান বলে উল্লেখ করেছে আইডিএফ।
আইডিএফ জানিয়েছে, তারা গাজাকে বিভক্তকারী নেটজারিম করিডোর দখলের জন্য এই অভিযান চালিয়েছে। এরই মধ্যে তারা একটি করিডোর দখল নিয়েছে
গত মাসে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ইসরায়েল এই এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছিল।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এই স্থল অভিযান এবং নেটজারিম করিডোরে প্রবেশকে ‘নতুন এবং গুরুতর লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং মধ্যস্থতাকারীদের প্রতি তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, বুধবার মধ্য গাজা সিটিতে জাতিসংঘের একটি স্থাপনায় বিমান হামলায় এক বিদেশি কর্মী নিহত ও পাঁচ শ্রমিক আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল এটি অস্বীকার করে বলেছে, তাদের হামলা হামাসের একটি সাইটে আঘাত হেনেছে।
জাতিসংঘের অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের নির্বাহী পরিচালক জর্জ মোরেইরা দা সিলভা বলেন, ‘এখানে যে জাতিসংঘের কর্মীরা থাকে, কাজ করে—এটা ইসরায়েলের জানা ছিল। কারণ এটি খুবই পরিচিত একটি জায়গা।’
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন এবং জাতিসংঘের কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘এই হামলায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নিহত জাতিসংঘের কর্মীর সংখ্যা কমপক্ষে ২৮০ জনে দাঁড়িয়েছে।’
খবরওয়ালা/এসআর