খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ ২০২৫
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চল চাঁনপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিতদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার (২১ মার্চ) ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে।
নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। তারা দুজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাম মিয়ার সমর্থক ছিলেন।
স্থানীয়রা জানান, চাঁনপুর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সঙ্গে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসু মেম্বারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা সামসু মেম্বার ও তার সমর্থকরা কিছুদিন এলাকাছাড়া ছিলেন। ৫ আগস্ট তারা ফিরে আসার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
শুক্রবার ভোরে আওয়ামী লীগ নেতা সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় ফিরতে চাইলে বিএনপি নেতা সামসু মেম্বার ও তার লোকজন বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষ টেঁটা, বল্লম, দা, ছুরি ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের গুলিতে একজন এবং ছুরিকাঘাতে আরও একজন নিহত হন। আহত হন আরও কয়েকজন।
রায়পুরা থানার ডিউটি অফিসার এসআই জুবায়ের বলেন, ‘সংঘর্ষে দুইজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহামুদ জানান, ‘আধিপত্য বিস্তার নিয়ে সামসু মেম্বার ও সালাম মিয়া এবং তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।’
নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, ‘রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।’
খবরওয়ালা/জেআর