জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই চার ভেন্যুতে চোখধাঁধানো সেঞ্চুরি, নিয়ন্ত্রিত বোলিং আর দুর্দান্ত রানের লড়াই উপহার দিয়েছেন ক্রিকেটাররা। ব্যাট হাতে সব আলো নিজের দিকে কেড়ে নিয়ে রংপুরের হয়ে ১৫৭ রানের এক চোখধাঁধানো দ্যুতিময় ইনিংস খেলেছেন মিম মোসাদ্দেক। অন্য মাঠে ঢাকার বাহাতি ওপেনার নাঈম শেখ দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ১৩১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। অন্যদিকে বল হাতে মিরপুরের ২২ গজে স্পিনের বিষ ঢেলে একাই ৬ উইকেট শিকার করে রাজশাহী বিভাগকে ধসিয়ে দিয়েছেন খুলনার অফস্পিনার মাহেদী হাসান।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্পিন জাদুতে রাজশাহীকে মাত্র ১১১৯ রানে গুটিয়ে দিয়েছে খুলনা বিভাগ। ১৪ ওভার বোলিং করে মাত্র ৩৮ রান খরচায় ৬টি গুরুত্বপূর্ণ উইকেটে তুলে নেন জাতীয় দলের অফস্পিনার মাহেদী হাসান। তাঁকে দারুণ সহায়তা দিয়ে অপর প্রান্তে সফর আলী তুলে নেন ৩টি উইকেট। রাজশাহীর ব্যাটারদের মধ্যে কেবল ওপেনার সাব্বির হোসেনের ব্যাট থেকে আসে দলের সর্বোচ্চ ৩৬ রান। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে হিমশিম খেয়েছেন। জবাবে প্রথম ইনিংসে রান তাড়া করতে নেমে দারুণ সূচনা করেছে খুলনা। ১ উইকেটে ১০৮ রান নিয়ে দিন শেষ করা দলটির হয়ে আজিজুল হাকিম ৫৫ এবং কালাম সিদ্দিকী অলিন ২৮ রানে অপরাজিত আছেন।
কক্সবাজার একাডেমি মাঠে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম দিনেই ২৮২ রানে অলআউট হয়েছে বরিশাল বিভাগ। ৯৭ রানের ঝলমলে ইনিংস খেলে আক্ষেপ নিয়ে সেঞ্চুরি হাতছাড়া করেন মঈন খান। দলের হয়ে জাওয়াদ আবরার ৬৩, হাফিজুর রহমান ৪৪ এবং আব্দুল্লাহ সিফাত ৩৫ রান যোগ করেন। চট্টগ্রামের হয়ে বাঁহাতি অর্থোডক্স স্পিনার হাসান মুরাদ ৪টি উইকেট তুলে নেন। জবাবে প্রথম দিন শেষে বিনা উইকেটে ৭২ রান তুলেছে চট্টগ্রাম, যেখানে মাহমুদুল হাসান জয় ২৯ ও সাদিকুর রহমান ৪১ রানে অপরাজিত আছেন।
সিলেটের একাডেমি গ্রাউন্ডে ময়মনসিংহ বিভাগের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে রংপুর বিভাগ। ওপেনার মিম মোসাদ্দেকের ১৫৭ রানের দুর্দান্ত এক মহাকাব্যিক ইনিংসে ভর করে প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩৭০ রানের সুবিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে রংপুর। ২১২ বলের ইনিংসে ২৩টি দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকান মিম। ইকবালের সাথে উদ্বোধনী জুটিতে তুলে নেন ২০৮ রান, যেখানে ইকবালের ব্যাট থেকে আসে ৭৮ রান। চার নম্বরে নেমে আব্দুল্লাহ আল মামুনও ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
দিনের অপর ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের বিপক্ষে চালকের আসনে বসেছে ঢাকা বিভাগ। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়া নাঈম শেখ সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ১৩১ রান করে পেশিতে টান লাগায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। তাঁর সাথে ওপেনিং জুটিতে ১৫৫ রান যোগ করা জিসান আলম ৮১ রানে আউট হলে আক্ষেপ থেকে যায় তাঁর শতকের। তবে তিন নম্বরে নেমে মার্শাল আইয়ুব ৮০ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস খেলেন। দিন শেষে ঢাকার সংগ্রহ ২ উইকেটে ৩৪৩ রান, যেখানে মাহিদুল ইসলাম অঙ্কন ৩২ রানে অপরাজিত আছেন।


