বায়তুল মোকাররমসহ রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও ভারতে মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে বিভিন্ন ইসলামি দল ও সংগঠন ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে অনেক দল ও সংগঠন। এসব মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে— এমন আশঙ্কায় সামগ্রিক পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি হিসেবে রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ শুক্রবার (২১ মার্চ) জাতীয় মসজিদ ও রাজধানীর মোড়ে মোড়ে এ দৃশ্য দেখা যায়।

এরই অংশ হিসেবে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের এলাকায় সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জলকামান, এপিসি মোতায়েন রয়েছে।

বায়তুল মোকাররম এলাকা ঘুরে দেখা যায়, পল্টন মোড়ে রাখা হয়েছে ঢাকা মহানগর পুলিশের জল কামান, এপিসি কার ও দুটি প্রিজন ভ্যান।

বায়তুল মোকাররম মসজিদের দিকে প্রবেশ মুখে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। এ ছাড়া নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। জাতীয় প্রেসক্লাব ও শাহবাগ মোড়েও রয়েছে পুলিশের অবস্থান।

বায়তুল মোকাররম উত্তর গেটে জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিশ ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিক্ষোভ মিছিল করবে। এ ছাড়া ছাত্রশিবির ও জামায়াতের সদস্যরা মসজিদ এলাকায় উপস্থিত আছেন। তাঁরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করবেন।

এ বিষয়ে মাঠ পর্যায়ে কোনো পুলিশ সদস্য মন্তব্য করতে রাজি হননি। তবে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান বলেছেন, নানা রকম বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।