খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 8শে চৈত্র ১৪৩১ | ২২ই মার্চ ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
ঢাকার কেরানীগঞ্জে জোবায়ের হোসেন (৩৭) নামের এক ব্যবসায়ীকে দিনদুপুরে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (২২ মার্চ) বেলা ১টার দিকে উপজেলার গোলামবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জোবায়েরের গোলামবাজার মজিদপাড়ার মৃত মীর হাবিবুর রহমানের ছেলে। তিনি ইট–বালুর ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোলামবাজারে নিজের ইট–বালুর গদিতে বসা ছিলেন জোবায়ের। বেলা ১টার দিকে স্থানীয় যুবলীগ নেতা সোবহান ঢালীর নেতৃত্বে অর্ধশতাধিক লোক ধারালো অস্ত্র নিয়ে গদিতে হামলা করেন। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করেন জোবায়ের। হামলাকারীরা পেছন পেছন দৌড়ে জোবায়েরকে কোপাতে থাকেন। একপর্যায়ে তিনি মরিয়মের চায়ের দোকানে ঢুকে প্রাণ বাঁচানোর আকুতি জানান। হামলাকারীরা সেখান থেকে টেনেহিঁচড়ে দোকানের বাইরে এনে কুপিয়ে ও গুলি করে হত্যা নিশ্চিত করেন। এরপর ককটেল ফাটিয়ে পালিয়ে যান।
স্থানীয় একটি সূত্রে জানা গেছে, গোলামবাজার এলাকায় একটি জমি নিয়ে থানা তাঁতী লীগের সাবেক সভাপতি মোল্লা ফারুক ও জনৈক সেন্টুর মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই জমি সেন্টু দেখভাল করতে জোবায়েরকে দায়িত্ব দেন। বিষয়টি ভালোভাবে নেননি মোল্লা ফারুক। ওই ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের জন্য ও আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
খবরওয়ালা/আরডি